স্টুয়ার্ট বিনিকে তলব ভারতের
শ্রীলঙ্কা সফরে থাকা ভারতের টেস্ট দলে ডাকা হয়েছে স্টুয়ার্ট বিনিকে।
ভারতের ক্রিকেট বোর্ড রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
শ্রীলঙ্কা সফরে ৩ টেস্টের জন্য ভারতের স্কোয়াড ছিল ১৫ জনের। স্টুয়ার্ট বিনিকে ডাকায় সেটি হচ্ছে এখন ১৬ জনের। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার নিশান্ত জিত অরোরা ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, দলে নতুন করে কেউ চোট পায়নি। বিনি স্রেফ বাড়তি এক ‘সংযুক্তি।’
হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি ওপেনার মুরালি বিজয়। তবে বিনি ওপেনার বা টপ অর্ডার নন, ব্যাট করেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে, সঙ্গে করেন মিডিয়াম পেস বোলিং। ভারতের ১৫ সদস্যের আগের দলে ছিল না কোনো অলরাউন্ডার।
শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টে জয়ের দুয়ার থেকে ফিরে শেষ পর্যন্ত ভারত হেরেছে ৬৩ রানে। আগামী বৃহস্পতিবার কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
১৩ টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি ৩টি টেস্ট খেলেছেন বিনি। তিনটিই গত বছর ভারতের ইংল্যান্ড সফরে। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট ব্রিজে খেলেছিলেন ৭৮ রানের ঝলমলে ইনিংস। তবে বাকি ৫ ইনিংসে ২৫ ছাড়াতে পারেননি একবারও। তিন টেস্টে উইকেট পাননি একটিও।
স্টুয়ার্ট বিনির বাবা সাবেক ভারতীয় পেসার ও ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রজার বিনি এখন ভারতের জাতীয় নির্বাচক কমিটির সদস্য।
