পরিবার নিয়ে প্রশ্ন ওঠায় চটেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
অ্যাসেজে অস্ট্রেলিয়ার ব্যর্থতার কারণ হিসেবে দেশটির কিছু গণমাধ্যমে ইংল্যান্ড সফরে স্ত্রী ও সন্তানদের সঙ্গী হওয়াটাকে দায়ী করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাররা।
ইংল্যান্ডে সফরে শেষ টেস্টের আগে নিজের দেশের পত্রিকায় ছাপা এ ধরনের প্রতিবেদনে মর্মাহত মাইকেল ক্লার্কের দল। এজবাস্টন আর ট্রেন্ট ব্রিজে দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে পরিবারের সদস্যদের প্রভাবের এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তারা।
এই দুই টেস্টে বাজেভাবে হেরেই এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ খোয়ায় অস্ট্রেলিয়া।
গত সোমবার ব্রিসবেনের কুরিয়ার-মেইল পত্রিকায় অস্ট্রেলিয়া দলের অ্যাশেজ-ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে লেখা প্রতিবেদনটিকে ‘ফালতু কথা' বলে উড়িয়ে দেন এই সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেওয়া মাইকেল ক্লার্ক।
ফাস্ট বোলার মিচেল জনসন ডেইলি টেলিগ্রাফের কলাম লেখক রেবেকা উইলসনের একটি লেখা পড়ে টুইটারের মাধ্যমে কড়া জবাব দেন। রেবেকার লেখাটিতে অন্য অনেক কিছুর সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে সফরে স্ত্রী ও সন্তানদের সবসময় থাকার বিষয়টি নিয়ে সমালোচনা করা হয়।
ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষ হওয়ার আগে খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবীদের নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ইয়ান হিলি। অ্যাশেজ সিরিজের ফল নির্ধারণ হওয়ার আগে খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে রাখার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারা ক্রিকেটীয় সমালোচনা মোকাবেলা করার জন্য তৈরীই ছিলেন। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের ভুলগুলো খোলাখুলিভাবেই স্বীকারও করেন তারা। এই যেমন কোচ ড্যারেন লেম্যান দল নির্বাচন বিষয়ক সমালোচনা হজম করেন। ক্লার্কও তার বাজে পারফরম্যান্সের বিষয়টি মেনে নেন। স্টিভেন স্মিথও তার ব্যর্থতা স্বীকার করে নেন। কিন্তু পরিবার নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের একটা ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে কথা বলেন ওয়ার্নার।
“আমি সফরের সময় পরিবারকে সঙ্গে রাখতে পছন্দ করি। আমি মনে করি, এখানে সবাই জানে প্রতিদিন আপনার কাজে যাওয়া আর পরিবারের কাছে ফিরে আসাটা দারুণ বিষয় এবং এটা সবসময় আমাকে আনন্দে রাখে।”
