স্মিথকে সরিয়ে শীর্ষে রুট
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে সরিয়ে আইসিসির টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। আর বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুটের সতীর্থ স্টুয়ার্ট ব্রড।
ট্রেন্ট ব্রিজ টেস্টের পর আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে চলতি অ্যাশেজ সিরিজের পরফরম্যান্সের পুরস্কার হাতে-নাতে পেয়ে গেলেন ইংল্যান্ডের রুট ও ব্রড।
ইনিংস ব্যবধানে ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ টেস্ট ও অ্যাশেজ সিরিজ জেতায় দারুণ ভূমিকা রাখেন রুট। চার টেস্টে দুটি শতক ও ৭৩.৮৩ গড়ে ৪৩৩ রান করেন ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান। দুই ধাপ এগিয়ে ৯১৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।
কার্ডিফ ও লর্ডসে ভালো করলেও বার্মিংহ্যাম ও নটিংহ্যামে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি স্মিথ। সর্বশেষ দুই টেস্টের চার ইনিংসে ২৬ রান করা অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান ৮৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান থেকে তিনে নেমে গেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স রয়েছেন দ্বিতীয় স্থানে; ৮৯০ রেটিং পয়েন্ট প্রোটিয়া দলের এই ব্যাটসম্যানের।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন অ্যাশেজের চতুর্থ টেস্টে ৯ উইকেট পাওয়া ব্রড। ৮৫২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের এই ডানহাতি পেসার। ৯০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
