২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন দ. আফ্রিকার সাবেক অধিনায়ক রাইস

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্লাইভ রাইস মারা গেছেন। লম্বা সময় ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত থাকার পর মঙ্গলবার কেপ টাউনের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৬৬ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

রাইসকে তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে তার পদচারণা অবশ্য খুবই অল্প সময়ের। মাত্র তিনটি ওয়ানডে খেলতে পারেন তিনি।

ওই সময় বর্ণবাদের জন্য ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। পরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ৪২ বছর বয়সে ১৯৯১ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। সেবারের ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশকে নেতৃত্ব দেন তিনি।

এরপর ১৯৯২ সালের বিশ্বকাপের দলে জায়গা হারানোর পর আর জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি।

রাইসের ক্রিকেট প্রতিভা প্রথম শ্রেণির ম্যাচে ফুটে ওঠে। ১৯৬৯ থেকে ১৯৯৪ সালের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪৮২টি ম্যাচ খেলে ৪০.৯৫ গড়ে ২৬ হাজার ৩৩১ রান করেন তিনি; ২২.৪৯ গড়ে ৯৩০ উইকেট নেন পেস বোলিংয়ে।

এছাড়া ৪৭৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১৩ হাজার ৪৭৪ রান করেন এবং ৫১৭টি উইকেট নেন রাইস।

১৯৭৫ সালে ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে যোগ দেন রাইস। ১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ক্লাবটিকে নেতৃত্ব দেন তিনি। আর ১৯৮১ ও ১৯৮৭ সালে দলকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান তিনি।