১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফের পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

নতুন দায়িত্ব পাওয়ায় আর পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে নাও থাকতে পারেন এই ব্যাটিং গ্রেট।

ফের পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ইনজামাম-উল-হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 09:53 PM

Updated : 07 Aug 2023, 11:10 PM

দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন ইনজামাম-উল-হক। গত জুনে দায়িত্বটি ছেড়ে দেওয়া হারুন রাশিদের স্থলাভিষিক্ত হলেন দেশটির সাবেক এই অধিনায়ক।

গত সপ্তাহেই চার বছর পর পাকিস্তান ক্রিকেটে ফেরেন ইনজামাম। মিসবাহ-উল-হকের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট টেকনিক্যাল কমিটির তিন সদস্যের কমিটিতে রাখা হয় তাকে। সপ্তাহ না ঘুরতেই পেলেন অন‍্য দায়িত্ব।

ধারণা করা হচ্ছে, দল নির্বাচনে সুবিধার জন্য ইনজামাম তার নিজের একটি দল গঠন করতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে একাধিক সদস্যের নির্বাচক প্যানেলের নিয়োগের সম্ভাবনা কম। আপাতত প্রধান কোচ ও টিম ডিরেক্টরের সঙ্গে আলোচনার পর স্কোয়াড ঘোষণা করা হবে।

২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইনজামাম। তার সময়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। ওই দফায় ইনজামামের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত। এরপর আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি।

এই দফায় ইনজামামের কাজ শুরু হবে  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার মধ্য দিয়ে। আগামী ২২ অগাস্ট শুরু হবে সাদা বলের সিরিজটি। আগামী বৃহস্পতিবার আফগানিস্তান সিরিজ ও আসছে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবেন ইনজামাম।