রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে আবার হারিয়ে সিরিজ ভারতের
টানা ব্যর্থতার পর স্বরূপে ফিরলেন রোহিত, এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত।
ঠিক যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। উড়ন্ত সূচনার পর আরও একবার ব্যাটিং ধসে প্রত্যাশিত পুঁজি গড়তে পারল না ইংল্যান্ড। আরেকটি একপেশে লড়াইয়ে রান তাড়ায় আবারও ভারত জিতে গেল অনায়াসে। এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল তারা।
এই ম্যাচে ভারতের বড় প্রাপ্তি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক রোহিত শার্মার রানে ফেরা। দুঃসময়ের প্রহর পেরিয়ে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতেও ভারত জিতল ৪ উইকেটে।
কটকে রোববার বেন ডাকেট ও জো রুটের ফিফটিতে ৩৯ ওভার শেষে ৩ উইকেটে ২১৯ রানের শক্ত অবস্থানে ছিল ইংল্যান্ড। সেখান থেকে তিনটি রান আউটসহ ৮৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ৩০৪ রানে গুটিয়ে যায় তারা। ভারত লক্ষ্যে পৌঁছে যায় ৩৩ বল বাকি থাকতে।
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ভারতে টানা সাতটি ওয়ানডে সিরিজ হারল ইংলিশরা।
প্রথম ম্যাচের সঙ্গে আরও অনেক কিছুতেই মিল আছে এই ম্যাচের। চমৎকার বোলিংয়ে আবারও ৩টি উইকেট নেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজা। আরেকবার ম্যাচের সমাপ্তি টানেন তিনি চার মেরে। আরেকবার পাঁচে নেমে আরেকটি কার্যকর ইনিংস খেলেন আকসার প্যাটেল।
ম্যাচের নায়ক অবশ্যই রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ইনিংসের মধ্যে প্রথমবার পঞ্চাশ ছুঁয়ে ৭ ছক্কা ও ১২ চারে ৯০ বলে ১১৯ রান করে ম্যাচের সেরা তিনিই।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে গাস অ্যাটকিনসনকে পরপর চার ও ছক্কায় একটি কীর্তি গড়েন রোহিত। ক্রিস গেইলকে (৩৩১) ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় এককভাবে দুই নম্বরে ওঠেন তিনি।
ভারত ৬.১ ওভারে বিনা উইকেটে ৪৮ রান করার পর ফ্লাড লাইট বিভ্রাটে খেলা বন্ধ ছিল বেশ কিছুটা সময়। তবে ভারতের ছন্দে তা বাধা হতে পারেনি। কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে করে তারা ৭৭ রান।
রোহিত পঞ্চাশে পা রাখেন স্রেফ ৩০ বলে। সহ-অধিনায়ক শুবমান গিল করেন টানা দ্বিতীয় ফিফটি, ৪৫ বলে। গিলের (৫২ বলে ৬০) বিদায়েই ভাঙে ১০০ বলে ১৩৬ রানের শুরুর জুটি।
আগের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে না পারা ভিরাট কোহলি এদিন ফিরলেও ভালো করতে পারেননি। লেগ স্পিনার আদিল রাশিদের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি ৫ রান করে।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৭০ রানের জুটির পথে রোহিত ৩২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৭৬ বলে। দারুণ সব শটের পসরা মেলে গড়া তার চমৎকার ইনিংস থামান লিয়াম লিভিংস্টোন।
৪৭ বলে ৪৪ রান করে রান আউটে কাটা পড়েন শ্রেয়াস। লোকেশ রাহুল ব্যর্থ হন আরেকবার। টিকতে পারেননি হার্দিক পান্ডিয়াও। জাদেজাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আকসার। ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে এদিনও টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করে তারা।
যদিও শুরুর জুটি ভাঙতে পারত ৪৩ রানে। ফিল সল্টের সহজ ক্যাচ ফেলেন আকসার। ৬ রানে জীবন পেয়ে বেশিদূর যেতে পারেননি তিনি (২৯ বলে ২৬)। তাকে ফিরিয়ে ৮১ রানের জুটি ভাঙেন অভিষিক্ত ভারুন চক্রবর্তি।
টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ওয়ানডেতে সুযোগ পাওয়া এই রহস্য স্পিনার প্রথম উইকেটের দেখা পান ১১তম বলে। ৩৩ বছর ১৬৪ দিন বয়সে ওয়ানডে ক্যাপ পান তিনি। তার চেয়ে বেশি বয়সে ভারতের হয়ে এই সংস্করণে অভিষেক হয়েছে কেবল ফারুখ ইঞ্জিনিয়ারের, ৩৬ বছর ১৩৮ দিন।
৩৬ বলে ফিফটি করে ছুটছিলেন ডাকেট। তাকে (৫৬ বলে ৬৫) ফিরিয়ে প্রথম শিকার ধরেন জাদেজা।
জো রুট এরপর দুটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন হ্যারি ব্রুক ও জস বাটলারের সঙ্গে। ব্রুক ফেরেন ৫২ বলে ৩১ রান করে। ৩৫ বলে ৩৪ রান করে বাটলার। রুট ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তার ৭২ বলে ৬৯ রানের ইনিংসও থামান জাদেজা।
এরপর নিয়মিত উইকেট হারানো ইংল্যান্ডের স্কোর তিনশ ছাড়াতে পারে মূলত লিভিংস্টোনের সৌজন্যে। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২টি করে চার ও ছক্কায় ৪২ বলে ৪১ রান করেন তিনি।
ওই পুঁজি নিয়ে লড়াই জমাতেই পারল না ইংল্যান্ড। আগামী বুধবার আহমেদাবাদে শেষ ম্যাচে তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৯.৫ ওভারে ৩০৪ (সল্ট ২৬, ডাকেট ৬৫, রুট ৬৯, ব্রুক ৩১, বাটলার ৩৪, লিভিংস্টোন ৪১, ওভারটন ৬, অ্যাটকিনসন ৩, রাশিদ ১৪, উড ০, সাকিব ০*; শামি ৭.৫-০-৬৬-১, হার্শিত ৯-০-৬২-১, পান্ডিয়া ৭-০-৫৩-১, ভারুন ১০-০-৫৪-১, জাদেজা ১০-১-৩৫-৩, আকসার ৬-০-৩২-০)
ভারত: ৪৪.৩ ওভারে ৩০৮/৬ (রোহিত ১১৯, গিল ৬০, কোহলি ৫, শ্রেয়াস ৪৪, আকসার ৪১*, রাহুল ১০, পান্ডিয়া ১০, জাদেজা ১১*; সাকিব ৬-০-৩৬-০, অ্যাটকিনসন ৭-০-৬৫-১, উড ৮-০-৫৭-১, রাশিদ ১০-০-৭৮-১, ওভারটন ৫-০-২৭-২, লিভিংস্টোন ৭-০-২৯-১, রুট ১.৩-০-১৫-০)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথম দুটির পর ২-০তে এগিয়ে ভারত
ম্যান অব দা ম্যাচ: রোহিত শার্মা
