২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় কোহলিদের ম‍্যাচের ভেন‍্যু ফের বদল

আলুরের পর বেঙ্গালুরুর এম চিন্নাসোয়ামি থেকেও সরে গেল ম‍্যাচ।

নিরাপত্তা শঙ্কায় কোহলিদের ম‍্যাচের ভেন‍্যু ফের বদল
এম চিন্নাসোয়ামি স্টেডিয়াম। ছবি: আরসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বেঙ্গালুরুর এম চিন্নাসোয়ামি স্টেডিয়াম থেকে ভিজায় হাজারে ট্রফির সব ম‍্যাচ নিরাপত্তা শঙ্কায় সরিয়ে নিতে বলা হয়েছে কার্ণাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ)। এর মধ‍্যে রয়েছে ভিরাট কোহলি ও রিশাভ পান্তদের ম‍্যাচও। আলুর থেকে প্রথমে সরিয়ে এই ম‍্যাচ নেওয়া হয়েছিল চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। সেই ভেন‍্যুও বদলে যাচ্ছে এবার। 

কার্ণাটাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সকালে ভেন‍্যু বদল করার পরামর্শ দেয় কেসএসসিএকে। নিরাপত্তা শঙ্কা ও লজিস্টিক‍্যাল সমস‍্যায় আলুর থেকে কোহলিদের ম‍্যাচ এম চিন্নাসোয়ামিতে সরিয়ে নেওয়া হয়েছিল। সেখান থেকে ম‍্যাচ এবার গেল বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই)। দিল্লি ও আন্ধ্রা দল অনুশীলনের আগে ভেন‍্যু বদলের কথা জেনেছে। 

বেঙ্গালুরুর কোনো ম‍্যাচেই মাঠে দর্শক যেতে পারবেন না, এটা নিশ্চিত করতে বলা হয়েছে কেএসসিএকে। বেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে, অ‍্যারোস্পেস পার্কে কড়া নিরাপত্তা নিশ্চিত করবে তারা, সেখানেই সিওই অবস্থিত। 

এর আগে দুলিপ ট্রফি, উইমেন’স বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ‘এ’ দলের ম‍্যাচ হয়েছে সিওইতে। সেগুলোতেও দর্শকদের প্রবেশাধিকার ছিল না মাঠে।

এর আগে কেএসসিএ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, কোহলি ও পান্তদের নিয়ে ম‍্যাচ চিন্নাসোয়ামিতে আয়োজন করতে পারবেন তারা। গ‍্যালারির দুটি স্ট‍্যান্ড দর্শকদের জন‍্য খোলা রাখার কথা বলেছিলেন তারা, যেখানে ২ থেকে ৩ হাজার দর্শক বসতে পারবেন। 

সম্ভাব‍্য নিরাপত্তা শঙ্কায় এই প্রস্তাবের কঠোর বিরোধিতা করে সরকার। ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, উৎসবের সময়ে চিন্নাসোয়ামির আশেপাশে কোনো বিশৃঙ্খলা চায়নি তারা।

কেএসসিএ প্রেসিডেন্ট হওয়ার পর চিন্নাসোয়ামি স্টেডিয়াম ঘিরে অনেক কাজ করছেন ভেঙ্কাটেশ প্রাসাদ। এখানে আইপিএলসহ শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরাতে সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি। বিচারপতি জন মাইকেল ডি’কুনহা তার প্রতিবেদনে এই মাঠ বড় জমায়েতের জন‍্য অনিরাপদ, লেখার পর চিন্নাসোয়ামিতে ক্রিকেট ফেরার পথ সহজ নয়।

গত ৪ জুন আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের অংশ হতে চিন্নাসোয়ামি স্টেডিয়ামের চারপাশে হাজির হয় লাখো মানুষ। সেখানেই হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অন্তত ৪৭ জন।

ওই ঘটনার পর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে আরও কোনো শীর্ষ পর্যায়ের ম্যাচ হয়নি।