Published : 15 Sep 2026, 03:25 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা পেয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন ব্রেন্ডান টেইলর। এই সংস্করণে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলা ক্রিকেটার এখন জিম্বাবুয়ের কিপার-ব্যাটসম্যান।
টেইলরের ওয়ানডে ক্যারিয়ার এখন ২২ বছর চার মাসের। এতে তিনি ছাড়িয়ে গেছেন সাচিন টেন্ডুলকারকে। ২০১২ সালে ২২ বছর তিন মাসের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন ভারতের কিংবদন্তি।
ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের তালিকায় অবশ্য এখনো সবার ওপরে টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে তার রান ১৮ হাজার ৪২৬। ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তার।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেইলরের। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি তার ক্যারিয়ারের ২০৮তম ওয়ানডে। জিম্বাবুয়ের হয়ে তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন চারজন।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৫.২৮ গড়ে ৬ হাজার ৭০৪ রান করেছেন টেইলর। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি রান আছে কেবল অ্যান্ডি ফ্লাওয়ারের, ৬ হাজার ৭৮৬।
এই সংস্করণে জিম্বাবুয়ের রেকর্ড ১১টি সেঞ্চুরি করেছেন ৪০ বছর বয়সী টেইলর। দেশটির আর কোনো ক্রিকেটারের শতকের সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেইলর। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিংবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর ২০২৫ সালে আবারও অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন টেইলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। ঘরের মাঠের বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজ লাগাতে চায় আফ্রিকার দলটির।