২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের অভিযোগ মিথ্যা, দাবি তাসকিনের

জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার উল্টো অভিযোগ করেছেন, মারধর করা হয়েছে তার এক বন্ধুকে।

মারধরের অভিযোগ মিথ্যা, দাবি তাসকিনের
তাসকিন আহমেদ। ছবি: তাসকিনের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ফোনে ডেকে নিয়ে একজনকে মারধর করার ও হুমকি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তাসকিন আহমেদের বিরুদ্ধে, তা পুরোপুরি অস্বীকার করেছেন অভিজ্ঞ এই পেসার। 

বাসা বদলানোর ব্যস্ততা থাকায় আগে ফোন ধরা সম্ভব হয়নি জানিয়ে তাসকিন উল্টো অভিযোগ করেন, মারধর করা হয়েছে তার এক বন্ধুকে।  

“আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।”

“রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।”

পরে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান আরও পরিষ্কার করেন তাসকিন। 

"সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন‍্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্যর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।"

সিফাতুর রহমান সৌরভ নামে এক তরুণ তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, রোববার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন তাসকিন।

সৌরভ জাতীয় দলের পেসার তাসকিনের ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাসকিনের নামে একটি অভিযোগ তারা পেয়েছেন। 

“সনি সিনেমা হলের সামনে রোববার রাতে (তাসকিন) মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।” 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।