১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেন্নাইয়ে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন ডি ভিলিয়ার্সের

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেটের মতে, ধোনি যদি নিচের দিকেই ব্যাট করতে থাকেন, তাহলে তিনি ভুল কারণে দলে আছেন।

চেন্নাইয়ে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন ডি ভিলিয়ার্সের
মাহেন্দ্র সিং ধোনি (বাঁয়ে) ও এবি ডি ভিলিয়ার্স। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

আইপিএলের নতুন আসর শুরুর আগে চেন্নাই সুপার কিংস দলে মাহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেটের মতে, সাবেক ভারতীয় অধিনায়ক যদি নিচের দিকেই ব্যাট করতে থাকেন, তাহলে তিনি ভুল কারণে দলে আছেন।

ধোনিকে নিয়ে প্রশ্ন উঠছে তার ব্যাটিং অর্ডার আর কার্যকারিতা, সব মিলেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শুধু আইপিএলেই খেলছেন এই কিপার-ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে চেন্নাইকে পাঁচবার আইপিএল জেতানো তারকা গত দুই মৌসুম ধরে খেলছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। ওই দুই আসরে নিচের দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার কাজটি তিনি ঠিকঠাক করতে পারেননি।

জিওস্টারের ‘আইপিএল টুডে লাইভ’ আলোচনায় অংশ নিয়ে ডি ভিলিয়ার্স বললেন, ৪৪ বছর বয়সী ধোনির আট-নয় নম্বরে ব্যাটিং করানোর কোনো যুক্তিই তিনি দেখেন না।

“ব্র্যান্ড বছরের পর বছর ধরে গড়ে ওঠে, আর সিএসকে এই সাম্রাজ্যটি বহু বছর ধরে গড়ে তুলেছে এমএস ধোনির মতো একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি সবসময়ই দলের সঙ্গে ছিলেন। যখন সিএসকের কথা বলা হয়, সঙ্গে সঙ্গেই ধোনির কথা মাথায় আসে। আমার মনে হয়, গত কয়েক বছরে তার ভূমিকা ছিল শুধুমাত্র সেই ব্র্যান্ডটিকে যতটা সম্ভব শক্তিশালী রাখা। এই কারণেই তার আট বা নয় নম্বরে ব্যাট করার এবং গত মৌসুমের মতো যথেষ্ট ভালো না করার কোনো মানে আমি দেখি না।”

ধোনির অন্তত ছয় নম্বরে, এমনকি মাঝেমধ্যে পাঁচ বা চার নম্বরে ব্যাট করা উচিত বলে মনে করেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

“আমরা জানি তিনি ব্যাট হাতে কার্যকর হতে পারেন, কিন্তু যদি এত নিচে ব্যাট করেন এবং অধিনায়কত্বও না করেন, তাহলে মনে হয় তিনি ভুল কারণে দলে জায়গা পূরণ করার চেষ্টা করছেন। তার জন্য এখনও দলে জায়গা আছে, কিন্তু তাকে আরও ওপরে ব্যাট করতে হবে, অন্তত ছয় নম্বরে, এমনকি কখনও কখনও পাঁচ বা চার নম্বরেও।”

গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে দিয়ে ১৮ কোটি রুপিতে সাঞ্জু স্যামসনকে দলে নেয় চেন্নাই। দলটিতে ধোনির উত্তরসূরি হওয়ার জন্য স্যামসনকে আদর্শ খেলোয়াড় মনে করেন ডি ভিলিয়ার্স।

“আমার মনে হয়, এমএসের জায়গা নেওয়ার জন্য রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু সঠিক খেলোয়াড়।”