১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লর্ডসে চোটের ‘ভান’ করেছেন ইমাম, অভিযোগ পাকিস্তানের সাবেক নির্বাচকের

মোহাম্মাদ ওয়াসিমের দাবি, এই ওপেনার আগেও এমনটা করেছেন।

লর্ডসে চোটের ‘ভান’ করেছেন ইমাম, অভিযোগ পাকিস্তানের সাবেক নির্বাচকের
হেডিংলিতে ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্টে আঘাত পাওয়ার পর চিকিৎসা নিচ্ছেন ইমাম-উল-হাক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 10:36 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইমাম-উল-হাক চোটের ভান করেছেন বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক মোহাম্মাদ ওয়াসিম। এমনকি এই ওপেনার আগেও এমনটা করেছেন বলে দাবি তার। 

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় পায়ের মাংসপেশিতে টান লাগায় পরদিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি ইমাম। 

তার চোটের বিষয়ে দ্বিতীয় দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হাকের বাম পায়ের মাংসপেশিতে টান লাগে। পরবর্তীতে স্ক্যানে পায়ের পেশিতে হালকা স্ট্রেইন ধরা পড়ে এবং ইমাম বর্তমানে পাকিস্তানের মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভর করছে টেস্টের বাকি অংশে তার অংশগ্রহণ।”

তবে সাবেক নির্বাচক ওয়াসিম মনে করছেন, চোটের ভান করেছেন ইমাম। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রসঙ্গ তুলে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, তখন ফিজিও তাকে সতর্ক করেছিলেন যে, এই ওপেনার চোটের ভান করতে পারেন।

ওই ম্যাচে ৩৫৫ রানের লক্ষ্য তাড়ায় ইমাম ওপেন করেননি। এর পরিবর্তে তিনি পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন, আর মোহাম্মাদ রিজওয়ান ওপেন করতে নেমে করেন ৩০ রান। ইমাম করেন ৬০ রান, পাকিস্তান ৩২৮ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ২৬ রানে।

“ফিজিও আমার কাছে এসে আগেই আমাকে বলেছিলেন। ঘোষণা তখনও দেওয়া হয়নি এবং সিদ্ধান্তও নেওয়া হয়নি। আমার মনে হয়, খেলোয়াড়ও তখনও কিছু বলেনি। সেই সময় তিনি (ফিজিও) এসে আমাকে সতর্ক করেন যে, এমনটা ঘটতে চলেছে। আর ঠিক সেভাবেই ঘটনাটি ঘটে। আলোচনার ভিত্তিতে তখন তিনি বলেছিলেন, অতীতেও এমনটা ঘটেছে এবং কোচরাও একই ধরনের বিষয়ে অভিযোগ করেছেন।”

ওয়াসিম মনে করেন, পাকিস্তান দল পুরনো ধারায় ফিরে যাচ্ছে এবং অধিনায়ক হিসেবে বাবর আজমের প্রত্যাবর্তন এক্ষেত্রে সম্ভাব্য ভূমিকা পালন করছে। ঘরোয়া ক্রিকেটেও চোটের ভান করার ঘটনা ঘটেছে বলে দাবি করেন ওয়াসিম। তিনি আশা প্রকাশ করেন, এ ক্ষেত্রে প্রধান কোচ সারফারাজ আহমেদ ব্যবস্থা নেবেন।

“আমার মনে হয়, আমাদের এই ধরনের ব্যক্তিদের থেকে মুক্তি পাওয়া দরকার, কারণ দেখুন, এটা দলের বাকি সবার কাছে কী বার্তা দিচ্ছে। আপনারা কী নজির স্থাপন করছেন? এটা এখন বারবার ঘটছে। যখন কোনো কিছু বারবার ঘটতে থাকে, তখন সেটা আর কাকতালীয় থাকে না। আমার মনে হয়, যারা যা-ই করছে, তাদের এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় বিষয়টি হলো, যেহেতু বাবর আবার অধিনায়ক হয়েছে, হয়তো আমরা সেই দিকেই ফিরে যাচ্ছি।

“আমি ভেবেছিলাম, সে (ইমাম) ওপেন করতে নামবে (লর্ডসে), কিন্তু সে নামেনি। এরপর তারা তাকে ব্যাটিং অর্ডারের আরও নিচে নামাতে থাকে এবং শেষ পর্যন্ত সে একেবারেই নামেনি। আমি নিশ্চিত যে, সারফারাজ এবং অন্যরা এই বিষয়গুলো দেখছেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় কেবল ১১০ রানে।