২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন কেন এত চটে গেলেন

‘অধিনায়ক হিসেবে…আমি সরি, আর কিছুই বলতে পারব না’, লিটন দাসের এই কথায় ফুটে উঠেছে অধিনায়ক হিসেবে তার ক্ষোভ ও অসহায়ত্ব।

আরিফুল ইসলাম রনি

চট্টগ্রাম থেকে,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 10:02 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সবশেষ সাত ইনিংসে মোট রান ৬৫, তিনটিতেই আউট শূন্য রানে। এমন ব্যাটসম্যান বাদ পড়ায় কেন এতটা চটে গেলেন লিটন কুমার দাস? প্রশ্নটি অনেকেরই মনে উঁকি দিতে পারে। 

উত্তর হলো, ক্রিকেট স্রেফ পরিসংখ্যানের খেলা নয়। দল নির্বাচনেও শুধু নিরেট কিছু সংখ্যাই মানদণ্ড নয়। কাউকে বাদ দেওয়া বা দলে নেওয়ারও কিছু প্রক্রিয়া আছে। লিটনের অমন জ্বলে ওঠা সব মিলিয়েই। এখানে শামীম হোসেন একজন চরিত্র মাত্র। লিটনের ক্ষোভের বিস্ফোরণে বেরিয়ে এসেছে আসলে প্রক্রিয়াটিরই কঙ্কাল। পাশাপাশি দেশের ক্রিকেট কীভাবে চলছে, সেটির একটি খণ্ড চিত্রও ফুটে উঠেছে। 

বাংলাদেশের ক্রিকেটের সামান্যতম অনুসারী হলেও ঘটনাটি এখন সবার জানা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বোমা ফাটিয়েছেন লিটন। শামীমের বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচকদের। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এমনটিও দাবি করেছেন যে, বোর্ড থেকে তাকে বলা হয়েছে, যে দলই তাকে দেওয়া হবে, সেটি নিয়েই মাঠে লড়তে হবে।

শুরুটা হয়েছে শামীমের প্রসঙ্গ দিয়েই। লিটন সরাসরিই বলেছেন, শামীমকে বাদ দেওয়া নির্বাচকদের সিদ্ধান্ত এবং তাকে না জানিয়েই বাদ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অবশ্য বলেছেন, লিটনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং শামীমের ফর্মের ব্যাপারটি অধিনায়কের কাছে তুলে ধরা হয়েছে সেখানে। 

দুজনের বক্তব্যের মধ্যে কিছু ফাঁক তো আছেই। কে পুরোপুরি সত্যি বলেছেন, সেটা অন্যদের জন্য বোঝা কঠিন। তবে একটা ব্যাপার নিশ্চিত, অধিনায়ক শামীমকে চেয়েছিলেন জোর দিয়ে, কোচ ফিল সিমন্সও চেয়েছেন তাকে, কিন্তু নির্বাচকরা তাকে রাখেননি। 

শামীমের সাম্প্রতিক পারফরম্যান্সের ছবিটা শুরুতেই দেওয়া হয়েছে। তার পরও কেন তাকে এতটা তীব্রভাবে দলে চাইছেন অধিনায়ক?

পরিসংখ্যানের উর্ধ্বের ব্যাপার এখানেই। শামীম যে ঘরানার ব্যাটসম্যান, বাংলাদেশের ক্রিকেটে তা বিরল। তার ঘরানার ব্যাটসম্যান জাতীয় দলে খেলার মতো আপাতত আর একজনও নেই, সেটিও বলে ফেলা যায়। আগ্রাসী ও ভয়ডরহীন ব্যাটসম্যান, যিনি উদ্ভাবনী নানা শট খেলতে পারেন ম্যাচের যে কোনো পর্যায়ে। এই ধরনের ব্যাটসম্যানদের খেলায় ঝুঁকির উপকরণ অনেক বেশি। প্রতি মুহূর্তে উইকেট হারানোর বিপদকে সঙ্গী করেই তারা ছুটে চলেন। তবে সেই শঙ্কাকে ঠিক তোয়াক্কা করেন না। এরকম ব্যাটসম্যানকে দলে নেওয়া মানে এক ধরনের বাজি ধরা।

লিটন সেই বাজিই ধরতে রাজি।

শামীমের এমন ফর্মের পর বাদ দেওয়া হলে অন্য অনেক দলেই কোনো প্রশ্ন উঠত না। তার জন্য অধিনায়ক এতটা মরিয়াও হতেন না। কিন্তু ওই যে, বাংলাদেশে এরকম ব্যাটসম্যান আর নেই!

লিটন ভালো করেই জানেন, আড়াই মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপে শামীমকে তার লাগবেই লাগবে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ এটিই। শামীমের ফর্মে ফেরা, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ এটিই। 

লিটন সঙ্গত কারণেই এতটা বিস্তারিত বলেননি সংবাদ সম্মেলনে। তবে ক্রিকেটীয় কারণগুলো বুঝতে তো সমস্যা হওয়ার কথা নয়।

এর বাইরে আছে অধিনায়ক হিসেবে তার প্রতিশ্রুতি। শামীমের ঘরানার ব্যাটসম্যানদের জন্য কোচ-অধিনায়ক, টিম ম্যানেজমেন্টের সমর্থন থাকা জরুরি। কোচ-অধিনায়ক তাকে সাহস দেবেন, ভরসা জোগাবেন নিজের সহজাত ব্যাটিং করার জন্য। তারা অভয় দেবেন নির্ভয়ে ব্যাটিং করার জন্য। আগ্রাসনের পথে হেঁটে ব্যর্থ হলেও পর্যাপ্ত সুযোগ মিলবে, লিটন ও ফিল সিমন্স নিশ্চয়ই সেই বার্তাই দিয়েছিলেন শামীমকে!

লিটন হয়তো শামীমকে বলেছিলেন, “তুই নিজের খেলাটাই খেলবি, দলে জায়গা নিয়ে চিন্তা করবি না, সেটার জন্য আমি আছি…।”

স্বাভাবিক বিবেচনা বলে, এই কারণেই নির্বাচকদের কাছে প্রবল দাবি ছিল লিটনের। শামীমকে দেওয়া কথা রাখতে পারেননি বলেই সংবাদ সম্মেরনে অসহায়ত্ব নিয়ে তিনি বললেন, “অধিনায়ক হিসেবে… আমি সরি..। কিছুই বলতে পারব না তাকে। দুই-তিনটা সিরিজে যখন পারফর্ম করবে না, তার পাশে আমার থাকা উচিত। আমি সত্যিই সরি যে, আমি তাকে ‘ব্যাক’ করতে পারিনি।”

এখানেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছে নির্বাচক কমিটি। 

প্রধান নির্বাচক বলেছেন, অধিনায়কের মতামতের কথা তারা জেনেছেন। কিন্তু শামীমকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তারাই নিয়েছেন। তারা শুধু পরিসংখ্যান দেখেছেন, বিশ্বকাপের আগে শামীমের ফর্মে ফেরার গুরুত্ব হয়তো অনুধাবন করেননি। তারা শামীমের আউটের ধরন নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু হয়তো গভীরভাবে চিন্তা করেননি, এই ধরনের ব্যাটসম্যানরা বেশির ভাগ সময় এভাবেই আউট হবেন।

এসবেরও বাইরে, নির্বাচকদের সব যুক্তি-তর্ক সত্যি হলেও, কখনও কখনও বৃহত্তর ছবিটা দেখতে হয়। মাঠে দল পরিচালনা করেন অধিনায়ক। সতীর্থদের কাছে তার কিছু প্রতিশ্রুতি থাকে, সবাইকে নিয়ে আলাদা ভাবনা থাকে, দীর্ঘদিন ধরে দল গোছানোর কিছু প্রক্রিয়া থাকে, পরিকল্পনা থাকে। সেসব দিয়েই ড্রেসিং রুমে সম্মান ও সমীহ আদায় করে নিতে হয়। 

নির্বাচকদেরও তাই নিজেদের ভাবনা-যুক্তির বাইরে গিয়ে অধিনায়কের চাওয়াকে প্রাধান্য দিতে হয়। 

লিটন সেই গুরুত্বটুকু এই ক্ষেত্রে পাননি। শামীমের কাছে হয়তো তাকে অপরাধী হতে হয়েছে। গোটা দলের কাছেও একটা অনিশ্চয়তার বার্তা পৌঁছে গেছে। অধিনায়ক যদি কোনো কিছু নিয়ে তাদের ভরসা জোগান, তারা কি সেই আস্থা রাখতে পারবেন অধিনায়কের ওপর?

ক্রিকেটীয় দিক থেকে বা ব্যাটিংয়ের ধরনের দিক থেকেও শামীমের বাদ পড়া একটি বিপজ্জনক বার্তা। ‘শিক্ষা দেওয়ার’ জন্য তাকে বাদ দেওয়া হলে তা বুমেরাং হয়ে উঠতে পারে। রানসংখ্যাই যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো  শামীম নিরাপদ ব্যাটিংয়ের পথই বেছে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে তো অন্যদের সঙ্গে তার পার্থক্য থাকছে না! ২৫ বলে ৩০ ধরনের ইনিংস ধারাবাহিকভাবে খেললে তিনি হয়তো বাদ পড়তেন না। কিন্তু ১২ বলে ৩০ করার প্রচেষ্টায় আউট হওয়টাই নির্বাচকদের চোখে তাকে ব্যর্থ করে তুলেছে।

তার মানে এই নয় যে, টানা ব্যর্থতার পরও তাকে খেলিয়ে যেতে হবে। একটা সময় অবশ্য বাদ দিতেই হবে। তবে সেই সময়টা এখন কি না, প্রশ্নটিই উঠবেই। বছরজুড়ে তাকে খেলানো হয়েছে, তাকে নিয়ে অধিনায়কের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, বিশ্বকাপের ভাবনায় তাকে রাখা হয়েছে। এখন বিশ্বকাপের আগে শেষ সিরিজে তাকে বাদ দেওয়াটা নিজেদের পরিকল্পনা গিলে ফেলার মতোই। 

সবকিছুর পরও, দল নির্বাচন নিয়ে টানাপোড়েন, মনোমালিন্য থাকলে সবকিছু নিজেদের মধ্যেই মিটমাট করে নিতে হয়। যখন তা এভাবে প্রকাশ্যে আসে, দলীর পরিবেশ, দেশের ক্রিকেট আবহের জন্য তা ভয়ঙ্কর। এখানেও দায় নির্বাচক কমিটির ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। তারা পারেননি অধিনায়ককে বোঝাতে বা এই পরিস্থিতি ঠেকাতে।

লিটন যদিও বলেছেন, তিনি অপমান অনুভব করেননি, তবে কিছুটা অবহেলা, অধিনায়ক হয়েও পাত্তা না পাওয়া, কিছুটা গুরুত্বহীনতা, সতীর্থদের কাছে ছোট হওয়ার যন্ত্রণা, অনেকগুলো কাঁটা নিশ্চয়ই তাকে খোঁচাচ্ছিল বারবার। 

অনেক হতাশা, ক্ষোভ আর অসাহয়ত্বের খোঁচা থেকেই তার এই বিস্ফোরণ।