Published : 15 Sep 2026, 06:57 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার খুব বেশিদিনের নয় শ্রী চারানির। তবে এক বছরের একটু বেশি এই সময়েই ধারাবাহিক পারফরম্যান্সে আরও আগে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠে গেছেন তিনি। এবার দারুণ এক কীর্তি গড়েছেন ভারতীয় বাঁহাতি স্পিনার ।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। আগের মতোই টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষে আছেন চারানি। তবে বেড়েছে তার রেটিং পয়েন্ট।
চারানির রেটিং পয়েন্ট এখন ৮০৪। ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই সংস্করণের বোলারদের মধ্যে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ডটি অস্ট্রেলিয়ান পেসার মেগান শুটের, ৮০৬। তাকে টপকে বিশ্বরেকর্ড গড়তে আর কেবল তিন পয়েন্ট প্রয়োজন চারানির।
চারানি ও শুট ছাড়া টি-টোয়েন্টিতে ৮০০ পয়েন্ট স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজন। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০২।
গত বছরের জুনে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় চারানির। এখন পর্যন্ত এই সংস্করণে ৩০ ম্যাচ খেলে ৫৪ উইকেট নিয়েছেন তিনি।
এবারের উইমেন’স এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ২২ বছর বয়সী চারানি। আসরে পাঁচ ম্যাচ খেলে ১২ উইকেট নেন তিনি। গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ২০ রান দিয়ে ধরেন ৪ শিকার।
বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনাল ও লঙ্কানদের বিপক্ষে ফাইনালে তিনটি করে উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন দীপ্তি শার্মা। ৭২৯ পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় অফ স্পিনার।
ওই দুটি ম্যাচে একটি করে উইকেট নিয়ে ৫০ ধাপ এগিয়েছেন ভারতের লেগ স্পিনার প্রেমা রাওয়াত (৯৬তম)। বাংলাদেশের বিপক্ষে দুই উইকেট নেওয়া পেসার নান্দিনি শার্মা ১০ ধাপ এগিয়ে আছেন ৯৪ নম্বরে।
বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি হয়েছে অনেকের। ভারতের বিপক্ষে ৪০ রানে হেরে যাওয়া সেমি-ফাইনালে একটি এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন মারুফা আক্তার। যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন এই পেসার।
ওই দুই ম্যাচে চার উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮ নম্বরে লেগ স্পিনার রাবেয়া খান। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের উন্নতি দুই ধাপ, আছেন ৩০তম স্থানে। ভারত ও আরব আমিরাত ম্যাচে মোট তিন উইকেট নেন তিনি।
সবশেষ দুই ম্যাচে তিন উইকেট নেওয়া অফ স্পিনার সুলতানা খাতুন পাঁচ ধাপ এগিয়ে ৩২ নম্বরে। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের অগ্রগতি ছয় ধাপ, অবস্থান ৪৯তম।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ স্থানে আসেনি কোনো বদল। আগের মতোই চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি। ভারতের শেফালি ভার্মা এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে।
আরব আমিরাতের বিপক্ষে দলের সর্বোচ্চ ৩৮ রান করা শারমিন আক্তারের অগ্রগতি তিন ধাপ, অবস্থান ৪০তম। স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৫৩তম স্থানে। জুরাইরিয়া ফেরদৌসের উন্নতি ৫ ধাপ, আছেন ৯১ নম্বরে।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার আনেকা বশ। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে ৮৩ ও ৬৫ রান করে ৩২৩ ধাপ এগিয়েছেন তিনি! তার অবস্থান এখন ৫৪তম।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।