১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পিএসএল দলের অধিনায়ক লাবুশেন

কখনও কোনো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব না করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে অধিনায়ক করেছে হায়দরাবাদ কিংসমেন।

পিএসএল দলের অধিনায়ক লাবুশেন
মার্নাস লাবুশেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 10:41 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

নতুন দায়িত্ব পেয়েছেন মার্নাস লাবুশেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল হায়দরাবাদ কিংসমেনের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে।

আগে কখনও কোনো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেননি লাবুশেন। টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়ও তিনি নন। স্রেফ একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ২০২৪ সালের জুলাই মাসের শেষ দিক থেকে কুড়ি ওভারের ক্রিকেটে ম্যাচ খেলেছেন কেবল চারটি- সবগুলোই বিগ ব্যাশে ব্রিজবেন হিটের হয়ে। 

টপ অর্ডার ব্যাটসম্যান লাবুশেন অফ-স্পিন বা মিডিয়াম পেস বোলিংও করতে পারেন। ৫৯টি টি-টোয়েন্টিতে তার উইকেট আছে ৪০টি।

পিএসএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজির একটি কিংসমেন শেষ দল হিসেবে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেছে মঙ্গলবার। সম্ভাব্য অধিনায়ক হিসেবে দলটিতে তেমন উল্লেখযোগ্য কেউ ছিল না, কারণ টি-টোয়েন্টি পর্যায়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল সীমিত। 

গ্লেন ম্যাক্সওয়েল, কুশাল পেরেরা ও সাইম আইয়ুবের মতো তারকা খেলোয়াড় দলে থাকলেও, সরাসরি চুক্তিতে দলে আসা লাবুশেনই শেষ পর্যন্ত দায়িত্বটি পেলেন।

এবারের পিএসএলে নেতৃত্ব পাওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি। এর আগে করাচি কিংসের অধিনায়ক করা হয় ডেভিড ওয়ার্নারকে, মুলতান সুলতানসের দায়িত্ব পান অ্যাশটন টার্নার।

স্বদেশী জেসন গিলেস্পির সঙ্গে কাজ করবেন লাবুশেন। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার গিলেস্পিকে।

কিংসমেনের ম্যাচ দিয়েই শুরু হবে আসর। আগামী ২৬ মার্চ তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে তারা।