১৬ বলে হৃদয় ২১, সাকিব ২২
দুজনই মেরেছেন একটি করে চার ও ছক্কা।
আগের ম্যাচে ছয়ে নেমে ঝড় তোলা তাওহিদ হৃদয় এবার পারলেন না তেমন কিছু করতে। মন্থর ব্যাটিং করলেন সাকিব আল হাসানও। তবে সবার অবদানে দুইশ ছাড়ানো পুঁজি গড়ল জাফনা কিংস।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বৃহস্পতিবার ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে ২২১ রান করেছে জাফনা। যেখানে চারে নেমে হৃদয়ের অবদান ১৬ বলে ২১।
তার সমান ১৬ বলে খেলে অপরাজিত ২২ রান করেছেন সাকিব। দুজনই মেরেছেন একটি করে চার ও ছক্কা।
নবম ওভারে কামিল মিশারা স্টাম্পড হলে ক্রিজে যান হৃদয়। মুখোমুখি প্রথম বলে সিঙ্গল নিয়ে রানের খাতা খোলেন তিনি। প্রথম ৮ বলে করেন ৬ রান।
ত্রয়োদশ ওভারের প্রথম বলে মইন আলিকে লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন হৃদয়। মইনের পরের ওভারের প্রথম বলেই হাঁকান চার। যদিও সেটা এসেছিল ফিল্ডারের ভুলে।
ওই বাউন্ডারি মারার পরের বলেই বাজে হৃদয়ের বিদায় ঘণ্টা। সুইপ করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। আগের ম্যাচে ৮ বলে চারটি ছক্কা ও একটি চারে ৩১ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
আগের দুই ম্যাচে ব্যাটিং না পাওয়া সাকিবকে এবার নামানো হয় ছয় নম্বরে। চতুর্দশ ওভারে ক্রিজে যাওয়া অভিজ্ঞ অলরাউন্ডারের শুরুটাও ছিল মন্থর। প্রথম ৯ বলে ৭ রান করেন তিনি।
পরে পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদিকে চার মেরে প্রথম বাউন্ডারির দেখা পান সাকিব। ওই ওভারের স্কুপ শটে ফাইন লেগ দিয়ে মারেন ছক্কা। পরে আরও ৪ বল খেলে কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি।
জাফনার হয়ে এদিন ফিফটি করতে পারেননি কেউ। পাঁচটি ছক্কা ও দুটি চারে ২৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার মিশারা। সাতে নেমে ১৫ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন চামিন্দু উইক্রামাসিংহে, চারটি ছক্কার সঙ্গে মারেন তিনটি চার।
