২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজের পুরোটায় ‘অনিশ্চিত’ কামিন্স

পিঠের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক কবে নাগাদ বোলিংয়ে ফিরতে পারবেন, সেটা এখনও নিশ্চিত নয়।

অ্যাশেজ সিরিজের পুরোটায় ‘অনিশ্চিত’ কামিন্স
প্যাট কামিন্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি কেবল ছয় সপ্তাহ। কিন্তু এখনও পিঠের চোট থেকে সেরে উঠতে পারেননি প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের শুরুর দিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন অস্ট্রেলিয়া অধিনায়ক।  

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ও নিউজ লিমিটেডের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, কামিন্সের হাড়ের স্ট্রেস সমস্যার উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি সারেনি। এখনও বোলিং করার জন্য প্রস্তুত নন তিনি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন কামিন্স। কবে নাগাদ তিনি বোলিংয়ে ফিরতে পারবেন, অ্যাশেজের প্রথম টেস্টে খেলবেন কিনা, নাকি পুরো সিরিজে তাকে বাইরে রাখা হবে; এ বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি অস্ট্রেলিয়া।

গত মাসে কামিন্স বলেছিলেন, ‘ঝুঁকি নিয়েও অ্যাশেজের শুরু থেকে খেলতে চান’ তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

আগামী ২১ অক্টোবর পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজ। সিডনিতে পঞ্চম ও শেষ ম্যাচটি শুরু হবে ৪ জানুয়ারি।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর থেকে আর কোনো ধরনের ক্রিকেটে খেলেননি কামিন্স। ওই সফরের পরই পিঠে ব্যথা অনুভব করেন তিনি। তবে সেটাকে গুরুতর মনে হয়নি তখন। কিছুদিন পর পরীক্ষা করানো হলে তার হাড়ে স্ট্রেস ধরা পড়ে। স্বস্তির ব্যাপার ছিল, সেটা স্ট্রেস ফ্র্যাকচার ছিল না। তবে হাড়ের এই স্ট্রেসের ক্ষেত্রে সতর্ক না হলে তা ক্রমে স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নিতে পারে।

এরপর থেকে কামিন্সকে কোনো ম্যাচ খেলায়নি অস্ট্রেলিয়া। অ্যাশেজের আগে তাকে প্রস্তুত করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তিনিও খুব করে চাইছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটিতে খেলতে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি তার। তাই এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে কামিন্সের অ্যাশেজে খেলার ভাগ্য।

কামিন্সকে হারালে তা অস্ট্রেলিয়ার জন্য হবে বড় এক ধাক্কা। অভিজ্ঞ এই পেসারের জায়গায় খেলানো হতে পারে পেসার স্কট বোল্যান্ডকে। সঙ্গে থাকবেন জশ হেইজেলউড, মিচেল স্টার্ক।

২০১৮ সাল থেকে অ্যাশেজের বিখ্যাত ট্রফি ‘ছাইদানি’ অস্ট্রেলিয়ার কাছে। এবার আবার লড়াই অস্ট্রেলিয়ার মাটিতে, যেখানে ২০১০ সালের পর কোনো টেস্ট জেতেনি ইংল্যান্ড। কামিন্স ছাড়া এবার বেন স্টোকসের দলের বিপক্ষে অপরাজিত থাকতে পারে কিনা অস্ট্রেলিয়া, সেটাই দেখার।