Published : 20 Aug 2026, 11:09 PM
পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে পঞ্চাশ ছুঁয়ে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন জো রুট। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির তালিকার শীর্ষে ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের পাশে বসলেন ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১২ রানে ৬৬ রান করে আউট হন রুট। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে তার ৬৮তম ফিফটি এটি।
সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (৫১) রেকর্ডধারী টেন্ডুলকার ২০০ ম্যাচে ৬৮টি ফিফটি নিয়ে শেষ করেন ক্যারিয়ার। তার চেয়ে ৩৩ ম্যাচ কম খেলেই রেকর্ডটি ছুঁলেন রুট।
১৬৪ ম্যাচে ৬৬টি ফিফটি করে তালিকায় তিন নম্বরে আছেন শিবনারাইন চান্দারপল। এরপর আছেন অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)।
৩৭ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রুট। ইংল্যান্ড অধিনায়ক ফিফটি করেন ৯৫ বলে। খুররাম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ১০ চারে গড়া ৬৬ রানের ইনিংস।
দলের ২ উইকেটে ৪৮ রানের সময় ব্যাটিংয়ে নেমে তৃতীয় উইকেটে জর্ডান কক্সের সঙ্গে রুট গড়েন ১৫০ রানের জুটি।
এই সংস্করণে রুটের মোট রান এখন ১৪ হাজার ১৮০। ১৫ হাজার ৯২১ রান করে ওপরে আছেন শুধু টেন্ডুলকার।