১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

আগামী ১২ ও ১৩ অগাস্টের আশেপাশে সময়ে ফিটনেস পরীক্ষা দেবেন শরিফুল ও লিটন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 07:22 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। এই ম্যাচে শরিফুল ইসলামের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে খেলবেন তারা দুজন।

শনিবার এক বিবৃতিতে তাদের চোটের বিষয়ে বিস্তারিত জানায় বিসিবি।

হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ এর চোটে সবশেষ জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফেরেন শরিফুল। এক সপ্তাহ বিশ্রামের পর গত মঙ্গলবার থেকে শুরু করেন পুনবার্সন প্রক্রিয়া। পুনর্বাসন চালিয়ে যাওয়া এই বাঁহাতি পেসার বুধবার থেকে বোলিং শুরু করবেন।

২৫ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ১২ অগাস্টের আশেপাশে সময়ে দেবেন ফিটনেস পরীক্ষা। বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক থাকার পাশাপাশি ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে।

অন্যদিকে, ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পায়ের মাংসপেশির চোটে পড়েন লিটন। ৮-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও এখনও চোটের সঙ্গে লড়ছেন এই কিপার-ব্যাটসম্যান।

গত শুক্রবার সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে একটি থেরাপি দেওয়া হয়েছে তাকে। আগামী মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অগাস্টের আশেপাশে সময়ে তিনি ফিটনেস পরীক্ষা দেবেন।

সেখানে সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে।

ডারউইনে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু ২২ অগাস্ট থেকে, ম্যাকাইয়ে।

চোটে থাকা আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগামী ১৮ অগাস্টের পর থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন। এর আগে চলতি মাসেই তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ম মেনে তাকে দেওয়া হবে খেলার অনুমতি।