২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ফিফটিতে কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।

আরেকটি ফিফটিতে কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম ফিফটিতে রেকর্ড গড়লেন বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

আগের দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারা বাবর আজম এবার উপহার দিলেন ফিফটি। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির দারুণ এক রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান তারকা।

লাহোরে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঠিক ৫০ রান করেন বাবর। তার ৩৬ বলের অপরাজিত ইনিংসটি গড়া এক ছক্কা ও তিনটি চারে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাবরের ৩৯তম ফিফটি। এই সংস্করণে যা সর্বোচ্চ। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে কোহলির ৩৮ ফিফটির রেকর্ডে ভাগ বসান তিনি। এবার সেটিকে নিজের করে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

কীর্তি গড়ার ম্যাচে চতুর্থ ওভারে ক্রিজে যান বাবর। মুখোমুখি প্রথম বলে বেন ডোয়ার্শিসকে চার মেরে রানের খাতা খোলেন তিনি। সপ্তম ওভারে অ্যাডাম জ্যাম্পাকে ছক্কায় ওড়ান চারে নামা ব্যাটসম্যান।

ধৈর্যশীল ব্যাটিংয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান বাবর। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশের ঠিকানায় পা রাখেন তিনি।

টি-টোয়েন্টিতে বাবর ও কোহলি ছাড়া ৩০টি সেঞ্চুরি আছে আর কেবল দুইজনের- রোহিত শার্মা (৩২টি) ও মোহাম্মদ রিজওয়ানের (৩০টি)।

স্বীকৃত এই সংস্করণে এটি বাবরের ৯৭তম ফিফটি। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। এই সংস্করণে সবচেয়ে বেশি ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় বাবরের অবস্থান চতুর্থ।

১১৫টি ফিফটি করে শীর্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। কোহলির ফিফটি ১০৫টি। ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান জস বাটলার ফিফটি করেছেন ৯৮টি।