২ ম্যাচের মাঝে ৩ দিনের বিরতি নিয়ে স্টোকস ও গিলের অসন্তোষ
পাঁচ টেস্টের সিরিজে দুই ম্যাচের মাঝে এত অল্প ব্যবধান যথেষ্ট নয় বলে মনে করছেন ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক।
টেস্ট ম্যাচে লম্বা সময় মাঠে কাটাতে হয় ক্রিকেটারদের। শরীরের ওপর দিয়ে যায় বড় ধকল। আর সিরিজটি যদি হয় পাঁচ ম্যাচের, তাহলে তো কথাই নেই। এমন দীর্ঘ সিরিজের ক্ষেত্রে দুই ম্যাচের মাঝের বিরতি নিয়ে ভাবতে বললেন ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক বেন স্টোকস ও শুবমান গিল।
আলোচনাটি উঠেছে ইংল্যান্ড ও ভারতের চলমান পাঁচ টেস্টের সিরিজের সূচি ঘিরে। এই সিরিজে ম্যাচগুলোর মাঝে বিরতির পার্থক্য দেখা যায়। দুই দফায় রাখা হয় ৭ থেকে ৯ দিনের ব্যবধান। দুই দফায় তিন দিনের।
বিষয়টা ভালো লাগেনি স্টোকসের। তার মতে, এই বিরতির মাঝেও একটা ধারাবাহিকতা থাকা উচিত। আর গিল বলেছেন, লম্বা সিরিজে ম্যাচের মাঝে স্রেফ তিন দিনের বিরতি যথেষ্ট নয়।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্ট শেষ হয় পঞ্চম দিনে। পরের ম্যাচে মাঠে নামার আগে ৭ দিনের বিরতি পায় দুই দলের ক্রিকেটাররা। এজবাস্টনে দ্বিতীয় ও লর্ডসে তৃতীয় টেস্টের মাঝে সেই ব্যবধানে কমিয়ে আনা হয় তিন দিনে।
তৃতীয় টেস্টের পর আবার বিরতি দেওয়া হয় ৯ দিন। কিন্তু পঞ্চম ও শেষ টেস্টের আগে স্রেফ ৩ দিন সময় পায় ক্রিকেটাররা। এমন অধারাবাহিক সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাতের চোটে বৃহস্পতিবার শুরু হওয়া ওভাল টেস্ট থেকে ছিটকে পড়া স্টোকস।
“পাঁচ ম্যাচের সিরিজটির দিকে ফিরে তাকিয়ে ভাবতে পারেন দুই ম্যাচের মাঝের বিরতি আরেকটু ভালো হতে পারত কিনা। দুই দফায় আট-নয় দিনের ব্যবধানে ম্যাচ হয়েছে এবং দুইবার তিন দিনের। প্রতি ম্যাচের জন্য এটা পাঁচ দিন করার কথা ভাবা যেতে পারে, তাহলে একটা ধারাবাহিকতা থাকে।”
“দুই দলের জন্যই এটা কঠিন। বোলারদের অনেক ওভার করতে হয়েছে, প্রচুর সময় মাঠে কাটাতে হয়েছে-এটা খেলারই অংশ। তবে সম্ভবত এটা ভাবা যেতে পারে, আমাদের ৮-৯ দিনের বিরতি প্রয়োজন কিনা এবং এরপরে তিন দিনের? প্রতি ম্যাচের আগে এটা কি ৪ কিংবা ৫ দিনের (বিরতি) হতে পারে?”
চলতি ইংল্যান্ড-ভারত সিরিজে প্রথম চারটি ম্যাচই গড়িয়েছে শেষ দিনে। লম্বা সময় মাঠে কাটিয়ে প্রতিটি ম্যাচের পর স্বাভাবিকভাবেই ক্লান্তি-শ্রান্তি ভর করেছে ক্রিকেটারদের। গিল বললেন, এক ম্যাচ খেলে পরের ম্যাচের জন্য সতেজ হয়ে উঠতে তিন দিনের বিরতি খুবই অল্প সময়।
“এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রতিটি ম্যাচই পাঁচ দিনে গড়িয়েছে, শুধু তাই নয় শেষ দিনের শেষ সেশনে গিয়েছে। এমন কোনো সিরিজ আমি মনে করতে পারছি না, যেখানে চারটি ম্যাচই শেষ মুহূর্ত পর্যন্ত হয়েছে। তাই হ্যাঁ, এটা অবশ্যই কঠিন (অল্প বিরতিতে খেলা)।”
“সতেজ হয়ে উঠতে তিন দিন খুবই অল্প সময়, যখন দুই দল এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমরা এটাও বুঝতে পারছি, যদি প্রতি ম্যাচের পর ৫-৬ বিরতি দেওয়া হয়, তাহলে সফরটি অনেক লম্বা হয়ে যায়। তাই, আমার মনে হয় সিদ্ধান্তটি বোর্ডের।”
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজটিতে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
