২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রফি-কাণ্ডে নাকভির বিরুদ্ধে আইসিসি সভায় ঝড় তুলবে ভারত

এসিসি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে না নিয়ে অন্য কারও কাছ থেকে ট্রফি নিতে চেয়েছিল ভারত, কিন্তু চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও মেডেল না দিয়ে নিজের সঙ্গে নিয়ে যান তিনি।

ট্রফি-কাণ্ডে নাকভির বিরুদ্ধে আইসিসি সভায় ঝড় তুলবে ভারত
ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে ভারতীয় দল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ব্যক্তিগত পুরস্কারগুলো তখন দেওয়া শেষ। পাকিস্তানের ক্রিকেটাররা একে একে রানার্স আপের মেডেল পেলেন মঞ্চে থাকা অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হাতে রানার্স আপের প্রাইজমানির প্রতীকী চেকও তুলে দেওয়া হলো। এরপর চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটারদের মেডেল নেওয়ার পালা। প্রাইজমানির চেক ও ট্রফি নেওয়ার পালা। কিন্তু সেই পর্বের দৃশ্যায়ন দেখাই গেল না!

পুরস্কার বিতরণীয় আয়োজনের সঞ্চালনায় থাকা ধারাভাষ্যকার সাইমন ডুল তখন বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ভারতীয় দল আজকে রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। কাজেই ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি।”

ডুলের কথায় মনে হচ্ছিল, ভারতীয় দল পুরস্কার নিতে যায়নি। পরে জানা গেল, ভারতীয় দল আদতে মহসিন রাজা নাকভির কাছ থেকে পুরস্কার নিতে চায়নি। এসিসির সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা নাকভির। তবে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান। তার আরেকটি বড় পরিচয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। 

ভারতীয় দলের চাওয়া ছিল, নাকভি ছাড়া অন্য কারও কাছ থেকে পুরস্কার নেবেন তারা। কিন্তু চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল শেষ পর্যন্ত দেওয়া হয়নি। 

এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বির তিন ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা, ম্যাচ রেফারির বিরুদ্ধে পিসিবির অভিযোগ, রাজনৈতিক মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের বিরুদ্ধে আইসিসির কাছে পিসিবির অভিযোগ, বিতর্কিত উদযাপনের জন্য পাকিস্তানের পেসার হারিস রউফ ও ব্যাটসম্যান সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে ভারতীয় বোর্ডের অভিযোগ, এরকম নানা ঘটনাপ্রবাহে এমনিতেই পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেই উত্তেজনার আগুনে ঘি পড়েছে ফাইনালের ট্রফি নিয়ে এসব ঘটনায়।

ম্যাচ শেষের পর থেকেই বোঝা যাচ্ছিল, নাটক কিছু হবে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুই হচ্ছিল না। নানা গুঞ্জন তাতে ছড়িয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর প্রায় মাঝরাতে শুরু হয় এই আয়োজন। সেখানেও জন্ম নয় নতুন নাটকের। 

বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ট্রফি নিয়ে চলে যান পিসিবি প্রধান নাকভি। পরে ভারতীয় দলকে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করতে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে নিয়ে উদযাপন করা, কল্পিত ট্রফি উঁচিয়ে ধরা, ফটোসেশন, সবই করেন ভারতীয় ক্রিকেটাররা।

কল্পিত ট্রফি হাতে সুরিয়াকুমার, সতীর্থদের উল্লাস। ছবি: রয়টার্স।

কল্পিত ট্রফি হাতে সুরিয়াকুমার, সতীর্থদের উল্লাস

ট্রফি না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেভাজিৎ সাইকিয়া। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি জোর দিয়ে তুলে ধরবেন।

“ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং আজকে ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, যিনি পাকিস্তানের মূল নেতাদের একজন।  এজন্যই তার কাছ থেকে ট্রফি নিতে চাইনি আমরা। তার মানে এই নয় যে, ওই ভদ্রলোক ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে হোটেল রুমে চলে যাবেন! এটা খুবই দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত। আমরা আশা করব, শুভ বোধের উদয় হবে। ট্রফি ও মেডেলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে।”

“আগামী নভেম্বরে দুবাইয়ে আইসিসির কনফারেন্স আছে। পরের এই কনফারেন্সেই এসিসি প্রধানের এই কাণ্ডের বিরুদ্ধে খুবই গুরুতর ও ভীষণ শক্ত প্রতিবাদ জানাব আমরা।”

পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে মেইল করে এরকম কিছু জানানো হয়েছে কি না যে, নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া যাবে না। ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার দাবি করেন, এই সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছেন।

“ই-মেইলের কিছু তো আমার জানা নেই। কেউ আমাদেরকে কিছু করতে বলেনি। এটা মাঠেই আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি।”

“যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি, অনুসরণ করতে শুরু করেছি, এরকম কিছু কখনোই দেখিনি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। অনেক কষ্টে অর্জিত ট্রফি, আমাদের এটা প্রাপ্য। এর চেয়ে বেশি কিছু বলার নেই। ভালোভাবেই তুলে ধরলাম ব্যাপারটি। আমাকে যদি ট্রফির কথা জিজ্ঞেস করেন, আমার ট্রফি ড্রেসিং রুমেই আছে, আমার সঙ্গে দলের অন্য ১৪ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, এশিয়া কাপের এই পথচলায় তারাই আমাদের সত্যিকারের ট্রফি।” 

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার মতে, নিজেদের কর্মফলেই ট্রফি পায়নি ভারত। 

“এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম আজকেই। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ এবং আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়।”

“আজকে যা যা হয়েছে, সবকিছুই আগের ঘটনাপ্রবাহের ফল। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে নেবেন?”