বিপিএল
Published : 12 Jan 2026, 08:34 PM
নিজের প্রথম তিন ওভারে কোনো উইকেট পেলেন না রিপন মন্ডল। ইনিংসের শেষ ওভারে আক্রমণে এসে চমৎকার বোলিং করলেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার। শেষ তিন বলে শিকার ধরে প্রথমবার পেলেন হ্যাটট্রিকের স্বাদ।
চলতি বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই কীর্তি গড়েন রিপন। ইনিংসের শেষ তিন বলে তিনি ফেরান সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে।
এবারের বিপিএলে এটি তৃতীয় হ্যাটট্রিক। সিলেট টাইটান্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদি হাসান রানা এবং নোয়াখালীর বিপক্ষে রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরি টানা তিন বলে উইকেট নেন।
বিপিএলের ইতিহাসে এক আসরে তিনটি হ্যাটট্রিকের নজির দ্বিতীয়বার দেখা গেল। এর আগে ২০১৯ সালে আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল পেয়েছিলেন এই স্বাদ।
ঢাকার বিপক্ষে এদিন নিজের প্রথম তিন ওভারে ২৮ রান দেন রিপন। শেষ ওভার করতে এসে প্রথম দুই বলে দেন দুটি সিঙ্গল। তার তৃতীয় ডেলিভারিতে বাই থেকে আসে একটি রান।
এরপরই উইকেট ধরা শুরু করেন রিপন। তাকে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন সাব্বির। পরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন আফগানিস্তানের পেসার জিয়াউর। শেষ বলে জায়গা বানিয়ে খেলার চেষ্টায় বোল্ড হন তাইজুল।
হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন রিপন। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রিপন।
এদিন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাজশাহীর আরেক পেসার আব্দুল গাফফার সাকলায়েন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে উসমান খানকে বিদায় করেন এই পেসার। পরের বলে এলবিডব্লিউ করে দেন তিনি সাইফ হাসানকে। হ্যাটট্রিক বলটি লেগ সাইডে করেন সাকলায়েন। মোহাম্মদ মিঠুনের পায়ে হালকা ছুঁয়ে বল যায় কিপারের হাতে।
সাকলায়েন পরে আরও দুই শিকার ধরেন। ৪ ওভারে স্রেফ ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। স্রেফ ২২ রান দিয়ে দুটি প্রাপ্তি বিপিএলে অভিষিক্ত ২৯ বছর বয়সী অফ স্পিনার মোহাম্মদ রুবেলের।
বোলারদের দারুণ পারফরম্যান্সে ঢাকাকে ১৩১ রানে গুটিয়ে দেয় রাজশাহী।
বিপিএলে হ্যাটট্রিক তালিকা
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটর্স (২০১২)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদি হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)
মৃত্যুঞ্জয় চৌধুরি (রংপুর রাইডার্স)- প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৫)
রিপন মন্ডল (রাজশাহী ওয়ারিয়র্স)- প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস (২০২৫)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা
আল-আমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মেহেদি হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)
মৃত্যুঞ্জয় চৌধুরি (রংপুর রাইডার্স)- প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৫)
রিপন মন্ডল (রাজশাহী ওয়ারিয়র্স)- প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস (২০২৫)