১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি করেছেন এই ওপেনার।

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড
দিলারা আক্তার। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:39 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ম্যাচের প্রথম বলে চার মেরে রানের খাতা খুললেন দিলারা আক্তার। এক বল পর হাঁকালেন আরেকটি। আগ্রাসী ব্যাটিংয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন এই ওপেনার।

স্কটল্যান্ডে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এই কীর্তি গড়েন দিলারা। প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে ২২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি এতদিন ছিল রুমানা আহমেদের। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। একই বছর মালদ্বীপের বিপক্ষে ৩০ বলে ফিফটি করেছিলেন ফারজানা হক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডটি ফাতিমা সানার। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেন পাকিস্তানের অধিনায়ক।

৩৭ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ফিফটির স্বাদ পেলেন ২২ বছর বয়সী দিলারা। এই সংস্করণে তার আগের সেরা ছিল ৪৯ রান।  

বৃষ্টির কারণে বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয় আট ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দিলারা। ক্রিজে যতক্ষণ ছিলেন, প্রতিটি ওভারেই বাউন্ডারি হাঁকান তিনি।

প্রথম ওভারে দুই চারের পর দ্বিতীয় ওভারে মারেন আরেকটি। তৃতীয় ওভারের শেষ তিন বলে চার মারেন আরও দুটি। পরের দুটি ওভারে হাঁকান একটি করে চার ও ছক্কা।

পঞ্চম ওভারে চার মারার এক বল পর, ডাবল নিয়ে ফিফটিতে পা রাখেন দিলারা। সপ্তম ওভারে বাজে তার বিদায় ঘণ্টা। দুটি ছক্কা ও আটটি চারে ২৬ বলে ৫১ রান করে ফেরেন তিনি।

দিলারার বিস্ফোরক ইনিংসটির সৌজন্যে ৯৩ রান তোলে বাংলাদেশ।