২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সেশনে প্রোটিয়াদের ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল ভারত

গুয়াহাটি টেস্ট শুরুর দিনে প্রথম দুই সেশনে মাত্র দুটি উইকেট নিতে পারে স্বাগতিকরা।

শেষ সেশনে প্রোটিয়াদের ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল ভারত
৩ উইকেট নিয়ে প্রথম দিন ভারতের সফলতম বোলার কুলদিপ ইয়াদাভ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই স্পর্শ করলেন ২৫, কিন্তু ৫০ ছুঁতে পারলেন না একজনও। শক্ত অবস্থানে থেকে খেই হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই সেশনের কঠিন সময় পেরিয়ে শেষ সেশনে চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল ভারত।

গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় ৮১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান।

কলকাতায় প্রথম টেস্টে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ভারত হেরেছিল তিন দিনে। গুয়াহাটিতে উইকেট বেশ ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য খুব একটা সহায়তা প্রথম দিনে মেলেনি। ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার এদিন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ।

প্রথম টেস্ট থেকে ভারতের একাদশে একটি পরিবর্তন নিশ্চিতই ছিল। চোটে ছিটকে যাওয়া অধিনায়ক শুবমান গিলের জায়গায় সুযোগ পেয়েছেন সাই সুদার্শান। এছাড়া বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলের জায়গায় নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিকে। দক্ষিণ আফ্রিকা পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশের জায়গায় নিয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে।

গিলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বের অভিষেকে টস হারেন রিশাভ পান্ত। সবশেষ ৯ টেস্টের মধ্যে ৮টিতেই এই অভিজ্ঞতা হলো ভারতের।

দিনের শুরুতে উইকেটে ছিল সিম মুভমেন্ট। প্রথম রানের দেখা পেতে এইডেন মার্করামের লেগে যায় ১৭ বল। পরের বলেই আউট হতে পারতেন তিনি, কিন্তু জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে সহজ ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল।

প্রথম ঘন্টায় আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারতীয় বোলাররা। সময়ের সঙ্গে জমে ওঠে মার্করাম ও রায়ান রিকেলটনের জুটি।

প্রথম সেশনের শেষ ওভারে ৮২ রানের শুরুর জুটি ভাঙেন বুমরাহ। এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে লেগে বোল্ড হন মার্করাম (৮১ বলে ৩৮)।

এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে লাঞ্চের আগে দেওয়া হয় চা বিরতি। ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত অন্য জায়গার চেয়ে আগে হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগেই।

২০ মিনিটের বিরতির পর প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন কুলদিপ। আলগা শটে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন রিকেলটন (৮২ বলে ৩৫)।

পরের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেন ট্রিস্টান স্টাবস ও টেম্বা বাভুমা। দ্বিতীয় সেশনের বাকি সময়ে এই জুটিতে চিড় ধরাতে পারেনি স্বাগতিকরা। 

তৃতীয় সেশনের তৃতীয় ওভারে বাভুমাকে ফিরিয়ে ৮৪ রানের জুটি ভাঙেন রাভিন্দ্রা জাদেজা। বাঁহাতি স্পিনারের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক (৯২ বলে ৪১)।

ফিফটির দুয়ারে গিয়ে স্টাবস স্লিপে ক্যাচ দেন কুলদিপের অফ স্টাম্পের বাইরের বলে। ৪টি চার ও ২টি ছক্কায় ১১২ বলে ৪৯ রান করেন তিনি। কুলদিপ এক ওভার পর ফিরিয়ে দেন ভিয়ান মুল্ডারকেও।

একপর্যায়ে ২ উইকেটে ১৬৬ থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২০১।

ষষ্ঠ উইকেটে টনি ডি জর্জি ও মুথুসামির জুটি জমে উঠছিল যখন, দ্বিতীয় নতুন বলে ৪৫ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এই পেসারের বলে কিপার পান্তের দারুণ ক্যাচে ফেরেন ডি জর্জি (৫৯ বলে ২৮)।

এরপর খেলা হতে পারে কেবল চার বল। মুথসামির সঙ্গে অপরাজিত আছেন কাইল ভেরেইনা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮১.৫ ওভারে ২৪৭/৬ (মার্করাম ৩৮, রিকেলটন ৩৫, স্টাবস ৪৯, বাভুমা ৪১, ডি জর্জি ২৮, মুল্ডার ১৩, মুথুসামি ২৫*, ভেরেইনা ১*; বুমরাহ ১৭-৬-৩৮-১, সিরাজ ১৭.৫-৩-৫৯-১, নিতিশ ৪-০-২১-০, ওয়াশিংটন ১৭-৩-৪৮-৩, জাদেজা ১২-১-৩০-১)