১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রিজবেন টেস্টে ‘অনিশ্চিত’ উড

সতর্কতার অংশ হিসেবে গতিময় এই পেসারকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নাও খেলাতে পারে ইংল্যান্ড।

ব্রিজবেন টেস্টে ‘অনিশ্চিত’ উড
ইংলিশ গতিময় পেসার মার্ক উড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা মার্ক উডকে নিয়ে সতর্ক থাকতে চায় ইংল্যান্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে গতিময় এক পেসারকে নাও খেলাতে পারে ইংলিশরা।

বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর অ্যাশেজের পার্থ টেস্ট দিয়ে নয় মাস পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরেন ৩৫ বছর বয়সী উড। আর সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন ১৫ মাসের বেশি সময় পর।

দুই দিনে হেরে যাওয়া প্রথম টেস্টে উডকে খুব বেশি বোলিং করায়নি ইংল্যান্ড। মোট ১১ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের জন্য ব্রিজবেনে শনিবার অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। প্রস্তুতির প্রথম দিন উপস্থিত ছিলেন না উড। তাতে পরের ম্যাচে তার খেলা নিয়ে উঁকি দিতে শুরু করেছে শঙ্কা।

বারবার চোটে পড়া এই ক্রিকেটারকে নিয়ে স্বাভাবিকভাবেই ঝুঁকি নিতে চাইবে না ইংল্যান্ড। তাই সিরিজের বেশিরভাগ সময় পাওয়ার আশায় পরের ম্যাচে হয়তো তাকে খেলাবে না তারা।

প্রথম টেস্ট চলাকালে ফক্স ক্রিকেটে আলাপ করার সময় উড নিজেই বলেছিলেন, তাকে নিশ্চিতভাবেই সিরিজের সব টেস্টে খেলানো হবে না।

উডের জায়গায় একাদশে ফিরতে পারেন জশ টং। ক্যারিয়ারের ৬ টেস্টের সবশেষটি এই পেসার খেলেন জুলাই-অগাস্টে, ভারতের বিপক্ষে ওভালে। দেশের হয়ে সাদা পোশাকে এখন পর্যন্ত ৩১ শিকার ধরেছেন তিনি।

আগামী বৃহস্পতিবার শুরু অ্যাশেজের দ্বিতীয় টেস্ট।