১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে চমক মিঠুন

ওয়ানডে সিরিজের জন্য চারদিনের ম্যাচের দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারকেই রেখেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে চমক মিঠুন
বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ মিঠুন। ছবি: মিঠুনের ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 10:30 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

লম্বা সময় পর বাংলাদেশের কোনো দলের হয়ে খেলার সুযোগ এসেছে মোহাম্মদ মিঠুনের সামনে। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে অভিজ্ঞ এই ক্রিকেটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজটির জন্য তাওহিদ হৃদয়ের নেতৃত্বে সোমবার ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মিঠুন। গত জুনে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। ঢাকা লেওপার্ডকে নেতৃত্বও দিয়েছেন এই কিপার-ব্যাটসম্যান। ওই আসরে ১১ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩২১ রান করেছেন তিনি।

গত চার বছর ধরে বাংলাদেশের কোনো দলেই সুযোগ পাচ্ছিলেন না মিঠুন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ‘এ’ দলে ফেরা চমক হয়ে এসেছে। ২০২২ সালে ভারত ‘এ’ বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ২৪০টি ম্যাচ খেলেছেন মিঠুন। চারটি সেঞ্চুরি ও ৪৮টি ফিফটিতে এই সংস্করণে তার রান ৬ হাজার ৭৪২। ব্যাটিং গড় ৩৩.২১।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ বিপক্ষে চলমান দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। 

দ্বিতীয় চারদিনের ম্যাচের দলে থাকা মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ওয়ানডে সিরিজের দলে রেখেছে বাংলাদেশ।

একদিনের ম্যাচের জন্য ডাকা হয়েছে মিঠুনের সঙ্গে আলিস আল ইসলাম ও সাইফ হাসানকে।

আগামী রোববার শুরু হবে সিরিজটি। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ সেপ্টেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, জাকের আলি, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা