বক্সিং ডে টেস্টে অনিশ্চিত কামিন্স
মেলবোর্ন টেস্টে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক নিজেই।
অ্যাশেজে খেলার তীব্র ইচ্ছায় পুনর্বাসনে চেষ্টার কমতি রাখেননি প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে এসে তার অপেক্ষার অবসান হয়। অ্যাডিলেইডে তার ফেরার ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। শরীরের কথা বিবেচনায় এখন আর পরের ম্যাচ খেলার খুব একটা প্রয়োজন অনুভব করছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক।
চোটের কারণে অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে পারেননি কামিন্স। ‘ঝুঁকি নিয়ে’ হলেও সিরিজের কোনো এক পর্যায়ে খেলতে চেয়েছিলেন তিনি। তাই সেরে ওঠার জন্য কিছুটা ‘তাড়াহুড়াও’ করছিলেন অভিজ্ঞ পেসার।
তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে তার ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সতর্কতার অংশ হিসেবে কামিন্সকে খেলায়নি অস্ট্রেলিয়া।
তাকে ছাড়াই অবশ্য ইংল্যান্ডকে প্রথম দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের ভিত গড়ে ফেলে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে তার ফেরায় তাদের অ্যাশেজ ধরে রাখার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়।
ফেরার ম্যাচে চমৎকার বোলিং করেন কামিন্স। দুই ইনিংসে ধরেন তিনটি করে উইকেট। দুইবার ইংলিশদের ব্যাটিং গ্রেট জো রুটকে ফেরান তিনি।
আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। পার্থে দুই দিনে হারের পর ব্রিজবেনে হেরে যায় চতুর্থ দিনে। এবার অবশ্য কিছুটা লড়াই করে ইংলিশরা। পঞ্চম দিনে অবিশ্বাস্য কিছুর সামান্য সম্ভাবনাও জাগায় তারা। শেষ পর্যন্ত অবশ্য পেরে ওঠেনি সফরকারীরা।
অ্যাডিলেইডে ৮২ রানের জয়ে স্রেফ ১১ দিনেই অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। ঐতিহ্যবাহী ‘ছাইদানি’ ধরে রাখতে পেরে ভীষণ খুশি কামিন্স। তার মনে হচ্ছে, যে লক্ষ্যে ফিরতে মরিয়া ছিলেন, তা পূরণ হয়ে গেছে।
“আমি সত্যিই ভালো অনুভব করছি, তবে সিরিজের বাকি অংশের জন্য আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়। অ্যাশেজ জিততে হবে, এটা ভাবনায় রেখে তাড়াহুড়া করে নিজেকে সারিয়ে তুলেছিলাম এবং মনে হচ্ছে সেটা সার্থক হয়েছে। এখন সিরিজটি জিতেছি, এমন অনুভব হচ্ছে যে, কাজ শেষ এবং (শরীরের) ঝুঁকি নিয়ে আরেকবার ভাবা যাক।”
“আগামী কয়েকদিনের মধ্যে এটা নিয়ে সিদ্ধান্ত নেব, মেলবোর্নে খেলব কিনা তা নিয়ে সংশয় রয়েছে, এরপর সিডনি টেস্ট নিয়ে কথা বলব।”
আগামী শুক্রবার শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সিডনিতে পঞ্চম ও শেষ ম্যাচ শুরু আগামী ৪ জানুয়ারি।
