সরে দাঁড়ালেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট
আপাতত জস বাটলারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক।
কয়েক মাস ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পড়তি ফর্মে চাপের মুখে ছিলেন ম্যাথু মট। চুক্তির মেয়াদের অর্ধেকটা সময় বাকি থাকলেও তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ছেড়ে দিলেন সীমিত ওভারের ক্রিকেটে দলটির কোচের দায়িত্ব।
তাৎক্ষনিকভাবে পদত্যাগ করার ঘোষণা মঙ্গলবার দেন মট। আপাতত জস বাটলারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন এতদিন তার সহকারী হিসেবে কাজ করা মার্কাস ট্রেসকোথিক।
২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব নেন মট। তার কোচিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতে ইংলিশরা। মটের সবচেয়ে বড় প্রাপ্তি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পারফরম্যান্স কেবল নিচের দিকেই নামছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা পারেনি শিরোপা ধরে রাখতে। প্রাথমিক পর্বে ৯ ম্যাচের মধ্যে জিততে পারে কেবল তিনটিতে।
এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ড ব্যর্থ হয় মুকুট ধরে রাখতে। এবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতই ঘরে তোলে টি-টোয়েন্টির ট্রফি।
গত রোববার ইংল্যান্ড দলের ক্রিকেট পরিচালক রব কির সঙ্গে দেখা করেন মট। সেখানে গত ৯ মাসে সীমিত ওভারের ক্রিকেটে দলের পারফরম্যান্সের অবনতি নিয়ে পর্যালোচনা করে নিজের মতামত জানান তিনি। দুই দিন পরই দিলেন দায়িত্ব ছাড়ার ঘোষণা।
“ইংল্যান্ড পুরুষ দলের কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত, যা ছিল সম্মানের। গত দুই বছর সাফল্য অর্জনের চেষ্টায় আমরা সবকিছু দিয়েছি এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়সহ এই সময়কালে দলটি যে দৃঢ়তা ও তাড়না দেখিয়েছে, তাতে আমি খুবই গর্বিত।”
“আমি খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং ইসিবির প্রত্যেককে তাদের প্রতিশ্রুতি, সমর্থন এবং আমার দায়িত্বকালে কঠোর পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানাতে চাই। দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অবিশ্বাস্য সব স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। সবশেষে ইংল্যান্ডের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাদের সমর্থন করেছেন এবং বিশ্বের যেখানেই আমরা ভ্রমণ করেছি সেখানেই আমাদের দারুণ সমর্থন দিয়েছেন।”
পূর্ণকালীন কোচের খোঁজে অবিলম্বে কাজ শুরু করার কথা বলেন রব কি। তার বিশ্বাস, ট্রেসকোথিক এবং সাদা বলের অধিনায়ক জস বাটলারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক “আমাদের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।”
মটের স্থলাভিষিক্ত হতে পারেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ওয়েন মর্গ্যান, শুরুতে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে এসবকে কেবলই ‘জল্পনা’ বলে উড়িয়ে দেন তিনি নিজেই।
