Published : 27 Nov 2024, 08:52 PM
সকাল থেকে আকাশ মেঘলা। উইকেটে সিম মুভমেন্ট মিলল যথেষ্ট। সহায়ক কন্ডিশনে দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন শ্রীলঙ্কার পেসাররা। বৃষ্টির বাগড়ায় খেলা যদিও খুব বেশি হতে পারল না।
ডারবানে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভার। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।
স্বাগতিকদের বিপদ বাড়তে পারত আরও। দুই বার জীবন পেয়ে এখনও টিকে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
শুরুতে প্রোটিয়াদের দুই ওপেনারকে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার নতুন বলের দুই পেসার আসিথা ফার্নান্দো ও ভিশ্ব ফার্নান্দো। খরুচে প্রথম ওভারের পর জোড়া শিকার ধরেন লাহিরু কুমারা।
এই তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে শ্রীলঙ্কার পেস আক্রমণে আছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সফরকারীদের একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার বাঁহাতি প্রাবাথ জায়াসুরিয়া।
কিংসমিডে বুধবার টস জিতে অনুমিতভাবে বোলিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। প্রথম ওভারে পরপর দুই চারে শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি এইডেন মার্করাম। তৃতীয় ওভারে আসিথার অফ স্টাম্পের বলে প্রথম স্লিপে ধরা পড়েন তিনি।
এক বল পর, পরের ওভারে বিদায় নেন টনি ডি জর্জি। অনেকটা মার্করামের আউটের মতোই, ভিশ্বর ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।
অষ্টম ওভারে প্রথমবার জীবন পান বাভুমা। ভিশ্বর বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারেননি দিমুথ কারুনারাত্নে।
শুরুর ধাক্কা সামলে ট্রিস্টান স্টাবসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাভুমা। লেগ বাই থেকে চারসহ কুমারার প্রথম ওভারে আসে মোট ১৭ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, নিজের পরের দুই ওভারে তিনি ধরেন দুই শিকার।
বাড়তি বাউন্সে স্লিপে ক্যাচ দেন স্টাবস (৩৮ বলে ১৬)। তার বিদায়ে ভাঙে ৭২ বল স্থায়ী ৩২ রানের জুটি। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বলে হন ডেভিড বেডিংহ্যাম।
তখন ৫৪ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার।
কুমারার পরের ওভারে লেগ স্টাম্পের বাইরে শর্ট বল পুল করার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন বাভুমা। কিন্তু বোলার ‘ওভারস্টেপ’ করায় ‘নো' বলের কল্যাণে বেঁচে যান তিনি। তাকে ক্রিজে ডেকে পাঠান বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ।
পরের ওভারেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় লাঞ্চ বিরতির নির্ধারিত সময়ের চার মিনিট আগে। দীর্ঘ সময় অপেক্ষার পরও আর খেলা শুরু করা যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২০.৪ ওভারে ৮০/৪ (মার্করাম ৯, ডি জর্জি ৪, স্টাবস ১৬, বাভুমা ২৮*; ভেরেইনা ৯*; আসিথা ৮-৩-২২-১, ভিশ্ব ৬.৪-০-১৭-১, ম্যাথিউস ২-২-০-০, কুমারা ৪-০-৩৫-২)