পিএসএল নিলামে অবিক্রীত সাকিব-লিটন
পেসার নাহিদ রানা ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অবিক্রীত রয়ে গেছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। অভিজ্ঞ দুই ক্রিকেটারের মতো মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানাকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথম হচ্ছে নিলাম পদ্ধতি। লাহোরে বুধবারের নিলামে সাকিব-লিটনরা দল না পেলেও বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে টেনেছে টিম রাওয়ালপিন্ডি।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব ছিলেন দুই কোটি ২০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। স্পিনিং অলরাউন্ডার মিরাজ ও অভিজ্ঞ ব্যাটসম্যান লিটনের ভিত্তিমূল্য ছিল এক কোটি ১০ লাখ রুপি। আর গতিময় পেসার নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ রুপি।
পিএসএলে মোট চার আসরে খেলেন সাকিব। প্রথমবার করাচি কিংসের প্রতিনিধিত্ব করেন তিনি। পরের দুই মৌসুমে ছিলেন পেশাওয়ার জালমিতে। আর গত আসর লাহোর কালান্দার্সের হয়ে খেলেন এই ক্রিকেটার।
সব মিলিয়ে পিএসএলে ১৭ ম্যাচে ১৮১ রান করেন সাকিব এক ফিফটিতে। আর বাঁহাতি স্পিনে ৯ উইকেট নেন তিনি।
লঙ্কা প্রিমিয়ার লিগ, আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেললেও পিএসএলে এখনও খেলেননি স্টাইলিশ ব্যাটসম্যান লিটন। আর দেশের বাইরের কোনো লিগে তো এখন পর্যন্ত খেলার অভিজ্ঞতাই হয়নি নাহিদ রানার।
পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্স দলে ছিলেন মিরাজ। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর বাঁহাতি এই পেসারকে চুক্তিবদ্ধ করার খবর জানায় পিএসএল। পরে লাহোর কালান্দার্স নিশ্চিত করে মুস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি দলে নেওয়ার কথা।
