১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রুতুরাজকে নেতৃত্বে থেকে সরিয়ে দেওয়া উচিত চেন্নাইয়ের’

চেন্নাইয়ের সাবেক ক্রিকেটার সুব্রামানিয়াম বাদ্রিনাথ মনে করছেন, এতে রুতুরাজেরই বেশি উপকার হবে।

‘রুতুরাজকে নেতৃত্বে থেকে সরিয়ে দেওয়া উচিত চেন্নাইয়ের’
সাঞ্জু স্যামসনের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় (ডানে)। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 06:08 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে পরিবর্তন দেখতে চান সুব্রামানিয়াম বাদ্রিনাথ। অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়ের চেয়ে সাঞ্জু স্যামসনকে ভালো মনে করেন দলটির সাবেক ব্যাটসম্যান। তার মতে, রুতুরাজের কাঁধ থেকে নেতৃত্বের বাড়তি চাপ সরিয়ে স্যামসনকে অধিনায়ক করা উচিত পাঁচবারের চ্যাম্পিয়নদের।

২০২৩ আইপিএলে শিরোপাজয়ী চেন্নাইয়ের নেতৃত্বে বদল আসে ২০২৪ আসরের আগে। কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছেড়ে দিলে অধিনায়ক করা হয় রুতুরাজকে। সেবার পঞ্চম হয়ে আসর শেষ করে দলটি।

আর গত মৌসুমটা চেন্নাইয়ের কাটে দুঃস্বপ্নের মতো। ১৪ ম্যাচের স্রেফ চারটি জিতে আসর শেষ করে তারা ১০ দলের মধ্যে তলানিতে থেকে। প্রথমবারের মতো পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে আসর শেষ করার তেতো অভিজ্ঞতা হয় তাদের। যদিও সেবার স্রেফ পাঁচ ম্যাচ খেলেই ছিটকে যান রুতুরাজ।

এবারও প্লেঅফে উঠতে পারেনি চেন্নাই। ১৪ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন সপ্তম স্থানে আছে। টানা তিন হারে আসর শুরু করার পর ঘুরে দাঁড়িয়ে প্লেঅফে খেলার সম্ভাবনা জাগায় তারা। কিন্তু প্রাথমিক পর্বের সবশেষ তিন ম্যাচেই হেরে শিরোপা পুনরুদ্ধারের লড়াই থেকে ছিটকে পড়ে দলটি।

আলোচনার ঝড় তুলে রাজস্থান রয়্যালস থেকে চলতি আসরের আগে চেন্নাইয়ে যোগ দেন স্যামসন। তখন ধারণা করা হচ্ছিল, নেতৃত্বভার দিতেই বোধহয় এই কিপার-ব্যাটসম্যানকে দলে টেনেছে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রুতুরাজের ওপরই আস্থা রাখে তারা। কিন্তু দলের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারেননি তিনি।

নেতৃত্বে বদল আনার বিষয়টি ভাবার সময় এসেছে চেন্নাইয়ের, মনে করছেন বাদ্রিনাথ। রুতুরাজের প্রতি সম্মান রেখেই নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দীর্ঘদিন রাজস্থানকে নেতৃত্বে দেওয়া স্যামসনের কাঁধে দায়িত্বটি দেওয়া উচিত দলটির। 

“চেন্নাই সুপার কিংসকে রুতুরাজের নেতৃত্ব দেওয়া উচিত নয়। সাঞ্জু স্যামসনের উচিত দলটির অধিনায়কত্ব করা। ব্যাটসম্যান রুতুরাজ চেন্নাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংটা দলের জন্য বেশি দরকার। তা ছাড়া সাঞ্জু স্যামসন এমনিতেও তার চেয়ে ভালো অধিনায়ক। রুতুরাজ গায়কোয়াড় একজন অসাধারণ টি-টোয়েন্টি ব্যাটসম্যান এবং চেন্নাইয়ের হয়ে সে দুর্দান্ত সব কীর্তি গড়েছে।”

চেন্নাইয়ের নেতৃত্বের প্রথম আসরে দুর্দান্ত ব্যাটিং করেন গুরুরাজ। গত মৌসুমে তো খেলতেই পারেননি। এবার ১৪ ইনিংসে রান করতে পারেন দুই ফিফটিতে কেবল ৩৩৭। আসরে পাওয়ারপ্লে তে ব্যাটিং করাদের মধ্যে এই ওপেনারের স্ট্রাইক রেটই (১২৩.৪৪) সবচেয়ে কম।

নেতৃত্বের চাপ সরে গেলে মহারাষ্ট্রের এই ক্রিকেটার ওপেনার হিসেবে সেরা ফর্মে ফিরতে পারবেন বলে মনে করছেন বাদ্রিনাথ।

“অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে ব্যাটসম্যান হিসেবে সে ভালো পারফর্ম করবে। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়াটা কোনো কঠোর সিদ্ধান্ত হবে না। এটা খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি উভয়ের জন্যই বেশি ভালো হবে। এতে গায়কোয়াড়ের অনেক উপকারই হবে। এমন কিছু কেবল তার ক্ষেত্রেই হচ্ছে না। সাচিন টেন্ডুলকারের মতো গ্রেট ক্রিকেটারও অধিনায়কত্বের চাপে প্রভাবিত হয়েছেন। যদি আবেগপ্রবণ হন এবং খুব বেশি চিন্তা করেন, তবে ব্যাটিং করার সময়ও অধিনায়কত্বের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা কঠিন হয়ে যায়।”

রুতুরাজের নেতৃত্বে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে কেবল ১৪টিতে জিততে পেরেছে চেন্নাই।