Published : 17 Apr 2026, 12:25 AM
শ্রেয়াস আইয়ারের ব্যাটে রানের জোয়ার চলছেই। চলতি আইপিএলে টানা তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। আর জাসপ্রিত বুমরাহর উইকেট খরা পৌঁছে গেছে টানা পাঁচ ম্যাচে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার পাঞ্জাবের ৭ উইকেটে জয়ের ম্যাচে ৩৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। চার নম্বরে নেমে চার ছক্কা ও পাঁচ চারে গড়া তার ইনিংসটি। ওয়াংখেড়েতে এ দিন সীমানায় অবিশ্বাস্য ফিল্ডিংয়ে হার্দিক পান্ডিয়াকে ফেরাতেও বড় ভূমিকা রাখেন তিনি।
১১ চার ও দুই ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন পাঞ্জাব ওপেনার প্রাভসিমরান সিং।
বিফলে গেছে মুম্বাইয়ের হয়ে কুইন্টন ডি ককের অপরাজিত সেঞ্চুরি। মুম্বাইয়ের ১৯৫ রান ২১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব।
আসরে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৮ রানে আউট হওয়া শ্রেয়াস পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলেন ২৯ বলে ৫০ রানের ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে। সেদিন ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি পাঞ্জাব।
পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন শ্রেয়াস। এবার মুম্বাইয়ের বিপক্ষেও রান তাড়ায় ফিফটি করে দলের জয়ে অবদান রাখলেন ভারতীয় ব্যাটসম্যান।
এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে চার ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বুমরাহ। আইপিএলে তার এই উইকেটশূন্য যাত্রার শুরুটা হয়েছিল গত আসরে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়েই।
এবারের আসরে প্রথম পাঁচ ম্যাচ ও দুই আসর মিলিয়ে টানা ছয় ম্যাচে কোনো উইকেট পেলেন না ভারতের তারকা পেসার। তার মানের বোলারের জন্য যা বিস্ময়কর বটে। বিশেষ করে, এক মাস আগেই যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আগুনে বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।
এই পাঁচ ম্যাচে বুমরাহ ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৬৩ গড়ে, রান উৎসবের আইপিএলে যা খুব একটা খারাপ নয়। কিন্তু নামটি যখন বুমরাহ, তখন পাঁচ ম্যাচে উইকেট না পাওয়া নিয়েই আলোচনা হচ্ছে বেশি।
বুমরাহ প্রথম তিন ম্যাচে উইকেটশূন্য থাকার পর, মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড আশা প্রকাশ করে বলেছিলেন, পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে জবাব দিতে পারেন এই পেসার। কিন্তু ৫ উইকেট দূরের কথা, এখনও উইকেটের দেখাই পেলেন না ৩২ বছর বয়সী তারকা।
তার দল জয়ে আসর শুরুর পর হেরে গেল টানা চার ম্যাচে। পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে তারা আছে ৯ নম্বরে। পাঁচ ম্যাচের চারটি জিতে চূড়ায় আছে পাঞ্জাব।