২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বর্জনের গুঞ্জন ও নাটকীয়তার পর খেলা শুরুর অপেক্ষা

চারিদিকে এই গুঞ্জন জোরাল হওয়ার মাঝে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জন ক্রমেই জোরাল হচ্ছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে দলটির সরে দাঁড়ানোর ‘পাকা খবরও’ দিচ্ছিল। তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে। এক ঘণ্টা পিছিয়ে মাঠে গড়াতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে নিয়ে টানাপোড়েনের জেরে শঙ্কায় পড়ে যায় এর ভবিষ্যৎ। শেষ পর্যন্ত অবশ্য আলোর মুখ দেখতে যাচ্ছে দল দুটির লড়াই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মঙ্গলবার দেওয়া এক বিবৃতির পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। বিবৃতিতে তারা এশিয়া কাপ বর্জনের ইঙ্গিত দেয়। সেখানে জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার নেওয়ার কথা। 

সেটা নিয়েই ম্যাচের দিন চলে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় মাঠের উদ্দেশ্যে পাকিস্তান দলের হোটেল ছাড়ার কথা ছিল। ম্যাচটির টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়। কিন্তু ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, সোয়া পাঁচটার সময়ও হোটেল থেকে বের হয়নি পাকিস্তান দল।

পাকিস্তান দল হোটেল না ছাড়লেও নির্ধারিত সময়ে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গেছে আরব আমিরাত। ম্যাচে নামার জন্য গা গরমের কাজও সেরে ফেলেছে দলটির ক্রিকেটাররা।

এর কিছুক্ষণ পরই অবশ্য ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা অনেকটা কেটে যায়। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি এক্সে সংক্ষিপ্ত বার্তায় জানান, দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার জন্য পাকিস্তান দলকে হোটেল ছাড়তে বলা হয়েছে।

এতসব নাটকীয়তার শুরু গত রোববার এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। ওই লড়াইয়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর বিতর্কিত ঘটনায় ক্রিকেট আঙিনায় বয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। যা চলছে এখনও।

এই ঘটনায় আইসিসির কাছে ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগও জানায় পিসিবি। সেখানে উল্লেখ করা হয়, পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে বারণ করেছিলেন।

পরে মহসিন নাকভি কড়া প্রতিক্রিয়ায় আইসিসির কাছে দাবি জানান, ম্যাচ রেফারি পাইক্রফটকে অবিলম্বে অপসারণ করতে হবে। এই টুর্নামেন্টের আয়োজক এসিসি হলেও ম্যাচ রেফারি পাঠিয়ে থাকে সাধারণত আইসিসি। 

ম্যাচের আগে-পরে ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় সেদিন পুরস্কার বিতরণী আয়োজনে যাননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন হতাশা প্রকাশ করে জানান, প্রতিবাদমূলক পদক্ষেপ হিসেবেই পুরস্কার বিতরণী যাননি অধিনায়ক।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুবাইয়ে পাকিস্তান দল অনুশীলন করলেও তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি। আনুষ্ঠানিকভাবে এটির কোনো কারণ জানানো হয়নি। তবে মোটামুটি স্পষ্টই যে, প্রতিবাদের অংশ হিসেবেই সংবাদ সম্মেলন বর্জন করেছে তারা।

এরপর মধ্যরাতে পিসিবির ওই বিবৃতিতে শঙ্কায় পড়ে যায় ম্যাচটির ভাগ্য। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়, আমিরাতের বিপক্ষে বুধবারের ম্যাচে পাইক্রফটের বদলে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন এবং টুর্নামেন্টে টিকে থাকলে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতেও একই ধারা অনুসরণ করা হবে।

পাকিস্তান মাঠে আসতে রাজি হলেও পাইক্রফটের ভাগ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সুপার ফোর পর্বে পৌঁছে যাবে পাকিস্তান।