র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবরের ঘাড়ে গিলের নিঃশ্বাস
ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজমের সঙ্গে শুবমান গিলের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল ৫।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ফিফটি করে এই সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন শুবমান গিল। শীর্ষে থাকা বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। দুজনের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল ৫।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। এক ধাপ এগিয়েছেন গিল। ভারতীয় ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৭৮১। আর পাকিস্তান তারকার ৭৮৬।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ ও দ্বিতীয়টিতে ৬০ রান করেন গিল। দুই ম্যাচই জিতে নেয় ভারত। এই পারফরম্যান্সে শীর্ষস্থান পুনরুদ্ধার করার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন গিল।
কটকে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা রোহিত শার্মাও খুব বেশি দূরে নেই। তিনে থাকা ভারতীয় অধিনায়কের রেটিং পয়েন্ট ৭৭৩। দুই ধাপ এগিয়ে চারে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। পাঁচে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন।
ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করা পাকিস্তানের ফাখার জামান (১৩তম), নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন (২৯তম) ও ডেভন কনওয়ে (৪০তম), ইংল্যান্ডের জস বাটলার (৩৮তম) ও জো রুট (৫১তম) পুনরায় র্যাঙ্কিংয়ে ঢুকেছেন।
পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করা গ্লেন ফিলিপস দিয়েছেন বড় লাফ। ২৩ ধাপ এগিয়ে কিউই ব্যাটসম্যান আছেন যৌথভাবে ৪৭তম স্থানে। ৭ ধাপ এগিয়ে একই স্থানে ইংল্যান্ডের বেন ডাকেট।
ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতো শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। এক ধাপ এগিয়ে দুইয়ে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। দুই ধাপ উন্নতি করে তিনে নামিবিয়ার বের্নার্ড শুলজ।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ১৪ ধাপ এগিয়ে ৭০ নম্বরে। ৩ ধাপ উন্নতি করে তার ওপরে ভারতের আকসার প্যাটেল। ৩২ ধাপ অগ্রগতি নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলের, অবস্থান ৭৫তম।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নাবি।
টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচটি স্থানে আসেনি পরিবর্তন; যথাক্রমে আছেন রুট, ব্রুক, উইলিয়ামসন, ইয়াশাসভি জয়সওয়াল, স্টিভেন স্মিথ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেয়ারি ১১ ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন। শ্রীলঙ্কার কুসাল মেন্ডিস ১৪ ধাপ উন্নতি করে ২৮ নম্বরে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পথে অবদান রেখে র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে আয়ারল্যান্ডের লর্কান টাকার (৫ ধাপ এগিয়ে ৪৯তম) ও অ্যান্ডি বালবার্নির (১৭ ধাপ এগিয়ে ৭০তম)।
বোলারদের মধ্যে আগের মতো প্রথম চারটি স্থানে ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন আরেক অস্ট্রেলিয়ান ন্যাথান লায়ন।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি (২৯তম) ১৪ ধাপ, অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান (৪৪তম) ৯ ধাপ ও আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি (৫৯তম) ২২ ধাপ উন্নতি করেছেন।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
