Published : 20 Jul 2026, 06:28 PM
আলোচনা-সমালোচনা, নানা গুঞ্জন আর চর্চা, এক ইনিংসেই সব থামিয়ে দিয়েছেন রোহিত শার্মা। দুর্দান্ত সেঞ্চুরিতে বুঝিয়ে দিয়েছেন, তার ভেতরের বারুদ এখনও ফুরিয়ে যায়নি। ম্যাচের পর ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অবশ্য বললেন, মাঠের বাইরের নানা আলোচনায় তার আপত্তি নেই, সেসব বরং তিনি উপভোগই করেন।
ভারতীয় ক্রিকেটের দুই মহীরুহ ভিরাট কোহলি ও রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল ওয়ানডেতেই। অনেক দিন পরপর মাঠে নামলেও কোহলি দুর্দান্ত ফর্মে অনেক দিন থেকেই। তবে রোহিতের ফর্ম খুব ভালো যাচ্ছিল না। সম্প্রতি ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের দুই ম্যাচে ব্যর্থতার পর আলোচনার কেন্দ্রে চলে আসেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।
ভারতের কিছু সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, লর্ডসে সিরিজের শেষ ম্যাচটিই রোহিতের ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর অবসের যাবেন তিনি। সেই খবর দাবানলের মতো ছড়িয়ে উত্তপ্ত করে দেয় ভারতীয় ক্রিকেটকে। আলোচনা এতটাই তীব্র হয়ে ওঠে যে, ভারতীয় বোর্ডের সচিব বিবৃতি দিয়ে বলতে বাধ্য হন যে, এরকম কোনো ব্যাপার নেই।
তাতে অবসর সংক্রান্ত আলোচনা স্তিমিত হলেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন ছিলই। অবশেষে লর্ডসে রোববার সবকিছুর জবাব দিলেন রোহিত। ১৭ চার ও ৫ ছক্কায় ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি ১১০ বলে।
৩৮৮ রান তাড়ায় দলকে তিনি জেতাতে পারেননি। তবে দলে তার ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা আপাতত মাটি চাপা দিয়েছেন।
এই ম্যাচে ভালো করতে না পারলে রোহিত যে চাপে পড়ে যেতেন, এটা অনুমান করে নেওয়াই যায়। তিনি নিজে অবশ্য চাপ অনুভব করেননি বলেই দাবি করলেন। পাশাপাশি বললেন, মাঠের বাইরের আলোাচনাকে পাত্তা দেন না তিনি।
“দেখুন, আমার কাজ হলো ব্যাট হাতে খেলা। খেলতে আসা, দেশের প্রতিনিধিত্ব করা, দলের প্রতিনিধিত্ব করা। অভিষেকের পর থেকেই আমাকে এটাই বলা হয়েছে, তাই আমি সেটাই করতে যাচ্ছি।
অভিষেকের পর থেকে চারপাশে এসব কত আওয়াজই তো শুনেছি। যতদিন খেলতে থাকব, ততদিনই তা চলবে। এটা তাই খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমি মাঠে কী করি, দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করা। এই মুহূর্তে আমার মনোযোগ শুধু সেদিকেই। আলোচনা চলুক। এসব আওয়াজ না থাকলে মজাও নেই। আমার কাজ (মাঠের) ভেতরে; তাদের কাজ বাইরে। আমি বিষয়টাকে এভাবেই দেখি।”
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক শুবমান গিলও বললেন, তাদের মধ্যে এসব কোনো আলোচনাই ছিল না।
“আমাদের মধ্যে কোনো কথা হয়নি, তিনি আমাদের কিছুই বলেননি। এমন কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এসব মিডিয়ায় আসছে, কিন্তু এমন কোনো আলোচনা হয়নি।”