Published : 19 Apr 2026, 09:50 AM
চলতি আইপিএলে এর মধ্যেই মুদ্রার দুটি পিঠ দেখে ফেলেছে বৈভাব সুরিয়াভানশি। দুই ম্যাচে ১৫ বলে ফিফটি করেছেন, অন্য দুটিতে ঝড়ো শুরু করেছেন। সবশেষ ম্যাচে আবার প্রথম বলেই আউট হয়েছেন। সাফল্য-ব্যর্থতার এমন চিত্র সামনেও দেখা যাবে বলে মনে করেন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা। বিস্ময়-বালকের জন্য কোচের মন্ত্র, স্রেফ উপভোগ করে যেতে হবে। ১৫ বছর বয়সী ব্যাটসম্যানকে নিয়ে খুব বেশি কাটাছেঁড়া না করতেও তিনি অনুরোধ করলেন সবাইকে।
আইপিএলের গত আসরের চমক সুরিয়াভানশি এবারও শুরু করেছেন সেই রেশ ছড়িয়ে দিয়েই। এবার টুর্নামেন্ট শুরু করেছেন তিনি ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলে। এরপর ১৮ বলে ৩১ ও ১৪ বলে ৩৯ রানের ইনিংস দুটির পর ৭ ছক্কায় খেলেছেন ২৬ বলে ৭৮ রানের ইনিংস। সবশেষ ম্যাচে আবার অভিষিক্ত বোলারের বলে আউট হয়েছেন প্রথম বলে।
সব মিলিয়ে এই আসরে ৫ ম্যাচে ২০০ রান তার, স্ট্রাইক রেট ২৬৩.১৫।
গত ম্যাচে যেমন ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন, এমন ব্যর্থতা তার আরও আসবে বলেই মনে করেন সাঙ্গাকারা। রাজস্থানের কোচ ও ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট সাবেক এই লঙ্কান অধিনায়কের মতে, কিশোর এই প্রতিভার এখন উচিত বাড়তি না ভেবে শুধু উপভোগ করে যাওয়া।
“প্রথম বলে আউট হওয়ার সঙ্গে ‘ব্যর্থতা’ শব্দটি খুব কঠিন হয়ে যায়। বৈভাবের প্রতি আমার বার্তাটা খুব সহজ, ‘সবকিছু উপভোগ করো। সেটা ৩৫ বলে ১০০ হোক, ১৫ বলে ৫০ হোক, বা প্রথম বলেই শূন্য আউট হওয়া হোক। তুমি যেন রান করতে পারো, তেমনি ব্যর্থও হতে পারো।’ এটাই এটাই ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ, এসব বুঝতে হবে।”
“বৈভাবের দিকে তাকিয়ে আমার শুধু এটাই মনে হয় যে, সে যেন সেই ১৫ বছর বয়সী কিশোরটিই থাকে, যে এই খেলার প্রতি একজন শিশুর সহজাত বিস্ময় নিয়ে মাঠে নেমে ব্যাট করে। এভাবেই সে সত্যিই অনেক দূর এগিয়ে যাবে।”
দুই মৌসুম ধরেই রাজস্থানে সুরিয়াভানশিকে কাছ থেকে দেখছেন সাঙ্গাকারা। লঙ্কান কিংবদন্তি বললেন, লোকে শুধু সুরিয়াভানশির প্রতিভার কথাই বলে, কিন্তু কঠোর পরিশ্রম দিয়েই প্রতিভাকে শাণিত করে চলেছেন ছেলেটি।
“বৈভাব খুবই রোমাঞ্চকর ও অত্যন্ত সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। লোকে তার প্রতিভা নিয়ে কথা বলে, কিন্তু নেটে সে যে পরিমাণ পরিশ্রম করে, সেটাও তাদের বোঝা উচিত। সে খেলাটা খুব ভালোভাবে বোঝে, পরিস্থিতি আগে থেকে অনুমান করতে পারে এবং বোলারদের নিয়ে কার্যকর পরিকল্পনা করে থাকে।”
পরিসংখ্যানের চেয়েও বেশি তাক লাগানো সুরিয়াভানশির ব্যাটিংয়ের ধরন। একদম প্রথম বল থেকে ভয়ডরহীন ব্যাটিং দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। জাসপ্রিত বুমরাহর প্রথম বলে ছক্কা মারাসহ জশ হেইজেলউড, ভুবনেশ্বর কুমার, ম্যাট হেনরির মতো খ্যাতিম্যান ও অভিজ্ঞ বোলারদের তুলাধুনা করেছেন। সব মিলিয়ে শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটেও তাকে নিয়ে আলোচনা তুমুল।
এই খ্যাতির বিড়ম্বনা বা ভয়ের জায়গা আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন যে, ঝুঁকির পথে ছোটার কারণে ব্যর্থতার শঙ্কাও বেশি। বাজে সময়ও আসবে সুরিয়াভানশির। সাঙ্গাকারা তাই মনে করেন, এই বয়সী একজনকে নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো।
“এই সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ের ধরণটাই হলো সর্বাত্মক আক্রমণ। খেলতে খেলতে সে ব্যাপারটা বুঝে যাবে। ওর মতো ক্রিকেটারদের ক্ষেত্রে, অনেক সময় যত কম কথা বলা যায়, ততই ভালো।”