২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

তিন বিভাগেই উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে দিল আইসিসির সহযোগী দেশটি।

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল নেপাল। ছবি: নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 11:47 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

প্রথম ম্যাচের চেয়ে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আসিফ শেখ ও সান্দিপ জরার চমৎকার দুটি পঞ্চাশোর্ধ ইনিংসে বড় পুঁজি গড়ল নেপাল। পরে তাদের দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে অবিস্মরণীয় সিরিজ জয়ের আনন্দে মাতল আইসিসির সহযোগী দেশ নেপাল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপালের জয় ৯০ রানে। ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা।

তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের পথ ধরে এবার প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল এশিয়ার দেশটি। আর এই সব কিছুই এলো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ল নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড। 

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হলো বিব্রতকর এক রেকর্ড। তাদের ৮৩ রান কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ৮৮ রান ছিল আগের সর্বনিম্ন।   

ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে। তারপরও নেপালের কৃতিত্ব কমছে না একটুও। দুই ম্যাচেই তারা জিতল পরিষ্কার ব্যবধানে। প্রথম ম্যাচে ১৪৮ রানের পুঁজি নিয়ে ১৯ রানে জিতেছিল তারা।

দারুণ ব্যাটিং ও বোলিং তো ছিলই, প্রথম ম্যাচের মতো এদিনও নেপালের ফিল্ডিং ছিল দুর্দান্ত। চমৎকার কয়েকটি ক্যাচ নিয়েছেন তাদের ফিল্ডাররা। 

নেপালের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন শুধু দুজন এবং সেই দুজনই ছাড়ান পঞ্চাশ। ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান আসিফ। 

পাঁচে নম্বরে নেমে ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা।

এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান। চতুর্থ উইকেটে নেপালের সর্বোচ্চ জুটি এটি। আগের রেকর্ড জুটিতেও ছিলেন আসিফ। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রোহিত পাউড়েলের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েছিলেন তিনি। 

বল হাতে নেপালের সফলতম বোলার মোহাম্মাদ আদিল আলম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে চার ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী পেসার। লেগ স্পিনে ১৬ রানে ৩ উইকেট নেন কুশাল ভুর্তেল।

ম্যাচের শেষটা স্বপ্নের মতো হলেও নেপালের শুরুটা ভালো ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৪ রানের মধ্যে ভুর্তেল ও রোহিতকে হারায় তারা। কুশাল মাল্লা রান আউট হয়ে ফেরার সময় সপ্তম ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৪৩।

সেখান থেকে দলকে টানেন আফিস ও জরা। আসিফ ফিফটি করেন ৩৪ বলে, সমান বলে পঞ্চাশে পা রাখেন জরাও।

অষ্টাদশ ওভারে বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসকে পরপর দুই ছক্কার পর আরেকটির চেষ্টায় জরা ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে রেকর্ড জুটি। পরের ওভারে হোল্ডারকে একটি ছক্কা মারেন গুলসান ঝা, আরেকটি আসিফ। শেষ ওভারে কাইল মেয়ার্সকে আদিলের একটি করে চার ও ছক্কায় ১৭০ ছাড়ায় নেপাল।  

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে জুয়েল অ্যান্ড্রুকে বোল্ড করে দেন দিপেন্দ্রা সিং আইরি। পরের ওভারে কাভারে ভুর্তেলের দারুণ ক্যাচে ফেরেন কেসি কার্টি।

প্রথম পাঁচ ওভারে ক্যারিবিয়ানরা করতে পারে কেবল ৭ রান। প্রথম বাউন্ডারি পেতে তাদের লাগে ৩৪ বল!

আদিল অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসে ফিরিয়ে দেন মেয়ার্সকে। পরের ওভারে তিনি উইকেট নেন আরেকটি, তৃতীয় ওভারে দুটি।

একের পর এক উইকেট হারানোর মিছিলে যোগ দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২১ রান করতে পারেন হোল্ডার।

একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।  

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৭৩/৬ (ভুর্তেল ২, আসিফ ৬৮, রোহিত ৩, মাল্লা ৭, জরা ৬৩, ঝা ৬, আদিল ১১; ব্লেডস ৪-০-২৭-১, আকিল ৪-০-২১-২, হোল্ডার ৪-০-৩৯-০, বিদেইসি ৩-০-২৮-০, জিশান ১-০-১৩-০, অ্যালেন ২-০-১৬-০, মেয়ার্স ২-০-২৬-২)

ওয়েস্ট ইন্ডিজ: ১৭.১ ওভারে ৮৩ (অ্যান্ড্রু ২, মেয়ার্স ৬, কার্টি ১, ওগিস ১৭, জাঙ্গু ১৬, হোল্ডার ২১, অ্যালেন ৭, আকিল ০, বিদেইসি ২, জিশান ৩, ব্লেডস ১*; দিপেন্দ্রা ৩-০-৪-১, কারান ২-০-৩-১, কামি ১-০-৮-০, রোহিত ২-০-১১-০ আদিল ৪-০-২৪-৪, ভুর্তেল ২.১-১-১৬-৩, রাজবানশি ৩-০-১৩-১)

ফল: নেপাল ৯০ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে নেপাল

ম্যান অব দা ম্যাচ: আসিফ শেখ