১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কলকাতার সবচেয়ে বাজে শুরুর রেকর্ডের পর রাহানের জরিমানা

আইপিএল ইতিহাসে এতটা বাজে শুরু আগে হয়নি কলকাতা নাইট রাইডার্সের, সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক আজিঙ্কা রাহানের ১২ লাখ রুপি জরিমানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 10:16 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

লড়াইটা ছিল সবচেয়ে তলানির দুই দলের। সেখানেও প্রতিদ্বন্দ্বিতা খুব একটা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আইপিএলে নিজেদের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। টুর্নামেন্টের এমন বিব্রতকর শুরুর পর এমনিতেই চাপে আছে অধিনায়ক আজিঙ্কা রাহানে। এবার তার সঙ্গে যোগ হয়েছে জরিমানা যন্ত্রণাও।

চেন্নাইয়ে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হেরে যাওয়া ম্যাচে মন্থর ওভাররেটের কারণে ১২ লাখ টাকা জরিমানা হয়েছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাহানের। 

এই ম্যাচ হেরেই বাজে শুরুর রেকর্ড হয়েছে কলকাতার। ৫ ম্যাচ খেলেও এবারের আসরে জয় নেই তাদের। আইপিএলের ১৯ আসরে এবারই প্রথম ৫ ম্যাচ শেষেও জয়ের দেখা পেল না তারা। টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সফলতম দলের জন্য এটি বড় ধাক্কা বটে!

মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে ৬ উইকেটের হার দিয়ে আসর শুরুর পর ঘরের মাঠে তারা ৬৫ রানে উড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে। তৃতীয় ম্যাচে তাদের শুরুটা হয়েছিল নড়বড়ে। তবে বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। এরপর লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের কাছে ৩ উইকেটে পরাজয়ের পর চেন্নাইয়ে বিপক্ষে এই হার।

দলের এমন পারফরম্যান্স, নিজের ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন মিলিয়ে রাহানে এমনিতেই প্রবল চাপে আছে। এই ম্যাচে হারার পর তাকে জরিমানার খবরও শোনান ম্যাচ রেফারি।

আইপিএলের চলতি আসরে মন্থর ওভাররেটের কারণে জরিমানার শিকার হওয়া চতুর্থ অধিনায়ক রাহানে। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জরিমানা হয় দুই দফায়। প্রথমবার জরিমানা ১২ লাখ রুপি, পরেরবার তাকে গুনতে হয় ২৪ লাখ। পরে ১২ লাখ রুপি করেই জরিমানা হয় গুজরাট টাইটান্সের শুবমান গিল ও চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়ের।