পরিচালকদের পদত্যাগের হিড়িক নিয়ে যা বলছে বিসিবি
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করেছেন সাতজন পরিচালক।
পদত্যাগের মিছিল যেন শুরু হয়েছে বিসিবিতে। শনিবার ৯ ঘণ্টার বোর্ড সভা শেষে ঘণ্টায় ঘণ্টায় আসতে থাকে বিসিবি পরিচালকদের ইস্তফা খবর। হিসাব রাখাই হয়ে ওঠে কঠিন! কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন চার পরিচালক। অন্য পরিচালকরা অবশ্য এসব পদত্যাগের ঘটনাকে তাদের ব্যক্তিগত ব্যাপার হিসেবেই উল্লেখ করছেন।
গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে বিসিবির দায়িত্ব পাওয়া পরিচালনা পর্ষদের বয়স এখনও ছয় মাস হয়নি। কিন্তু ২৫ পরিচালকের সাতজন বিদায় নিয়ে ফেলেছেন এর মধ্যেই।
গত ২৪ জানুয়ারি পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদই ছেড়ে দেন আমজাদ হোসেন। এই বৃহস্পতিবার বোর্ড ছেড়ে যান লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
এসব ঘটনাপ্রবাহের মধ্যে শনিবার ছিল পরিচালনা পর্ষদের সভা। ম্যারাথন সেই সভায় উপস্থিত থাকা পরিচালক ফাইয়াজুর রহমান পদত্যাগপত্র পাঠিয়ে দেন সভা শেষেই।
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন যখন চলছে, তখনও পর্যন্ত এই চারজনের পদত্যাগের খবরই জানা গিয়েছিল। সংবাদ সম্মেলনে আরেক বিসিবি পরিচালক, বোর্ডের মিডিয়া কমিটি ও কমিউনিকেশন কমিটির প্রধান মোখসেদুল ইসলাম বলেন, ব্যক্তিগত কারণেই বোর্ড ছেড়ে গেছেন এই পরিচালকেরা।
“যারা পদত্যাগ করেছেন, তারা তাদের ব্যক্তিগত কারণে করেছেন। আজকেও একজন পরিচালক (ফাইয়াজুর) পদত্যাগ করেছেন বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, যদিও তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা ক্রিকেটের জন্য অনেক কাজ করেছেন।”
“আপনারা দেখেছেন, যারা পদত্যাগ করেছেন তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সুতরাং এটা তাদের বিষয়। আজকে যার কথা আপনি বলছেন, উনি তো আজকেও আমাদের সাথে মিটিংয়ে ছিলেন। মিটিং থেকেই আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে উনি পদত্যাগ করেছেন। উনি ই-মেইল দিয়েছেন। উনিসহ যারা পদত্যাগ করেছেন, তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন বিসিবির জন্য বা ক্রিকেটের জন্য।”
৯ ঘণ্টার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনও হয় এক ঘণ্টার। পরে আরও পরিচালকদের পদত্যাগের খবর আসতে থাকে। সরে দাঁড়ান ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শানিয়ান তামিম ও সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরি। পরে গভীর রাতে জানা যায় আরেক পরিচালক ও মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুর আলমও বেছে নিয়েছেন একই পথ।
সংবাদ সম্মেলনের সময় বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা দাবি করেন, পরিচালকদের পদত্যাগের ঘটনায় বোর্ডের ভেদরে কোনো অস্বস্তি ও অস্থিরতা নেই। সামনের দিকে তাকিয়ে অনেক পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
আরেক বিসিবি পরিচালত ইফতেখার রহমান অবশ্য মেনে নিচ্ছেন, এত পরিচালকের পদত্যাগ স্বাভাবিক ব্যাপার নয়। তবে এই ব্যাপারটির গভীরে যেতে চাননি তিনিও।
“স্বাভাবিক কেন বলব? স্বাভাবিক নয়। তবে যার যার ব্যক্তিগত কারণে করেছে… যদি দেখতাম যে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছে… তারা যে আলোচনা করে পদত্যাগ করেছে, এরকম তো নয়। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা ব্যক্তিগত কারণই বলেছে।”
