সুরিয়াকুমারের ম্যাচ ফি সেনাবাহিনীর জন্য, পাকিস্তান উৎসর্গ করল হামলায় নিহতদের
সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে দেবেন সুরিয়াকুমার ইয়াদাভ, পাকিস্তান দল ফাইনালের ম্যাচ ফি দিয়ে দেবে ভারতের হামলায় নিহতদের পরিবারকে।
সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব তখন শেষ। ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বললেন, “আপনারা জিজ্ঞেস করেননি, তবে এটা সৌজন্যের মতো, আমার পক্ষ থেকে, জানি না… বিতর্ক হতে পারে নাকি না…”
তার পাশের চেয়ারে বসে থাকা আভিশেক শার্মা তখন আগ্রহ নিয়ে তাকালেন অধিনায়কের দিকে। সংবাদ সম্মেলনে সবার কৌতূহলী দৃষ্টিও সুরিয়াকুমারের দিকে। মুচকি হেসে তিনি বললেন, “বিতর্কের কিছু নেই, এটা তো ভালো ব্যাপার। এই টুর্নামেন্টে আমার সব ম্যাচের ম্যাচ ফি আমি দিতে চাই ভারতীয় সেনাবাহিনীকে।”
বিতর্কের কথা বলতে সুরিয়াকুমার প্রথম ম্যাচের পরের ঘটনার দিকেই ইঙ্গিত করছেন। সেদিন টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পরে পুরস্কার বিতরণী আয়োজনে সুরিয়াকুমার জয় উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সঙ্গে।
পরে সংবাদ সম্মেলনেও সশস্ত্রবাহিনীকে জয় উৎসর্গ করা করা এবং পেহেলগামে হামলায় আক্রান্তদের পাশে থাকার কথা তুলে ধরেন তিনি। এজন্য তার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগের শুনানির পর সুরিয়াকুমারকে ‘রাজনৈতিক বক্তব্য’ দিতে মানা করে দেয় আইসিসি। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানাও করা হয় ভারতীয় অধিনায়ককে। তার শাস্তির মূল কারণ অবশ্য ছিল ‘অপারেশন সিঁদুর’ সরাসরি উল্লেখ করে সংবাদ সম্মেলনে কথা বলা।
টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কের পর সেটির রেশ থাকল ফাইনাল শেষেও। ম্যাচ ফি সেনাবাহিনীকে দেওয়ার কথা বলেই সংবাদ সম্মেলন শেষ করে উঠে যান সুরিয়াকুমার।
এর কয়েক ঘণ্টা পর পাকিস্তান ক্রিকেট দল সামাজিক মাধ্যমে জানায়, ফাইনালে সবার ম্যাচ ফি তারা দিয়ে দেবে তাদের দেশে ভারতের হামলায় আক্রান্তদের জন্য।
“পাকিস্তান ক্রিকেট দল তাদের এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করছে ৭ মে হামলায় শহীদ হওয়া নিষ্পাপ প্রাণগুলোকে, যেখানে শিশুরাসহ বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।”
