Published : 03 Mar 2026, 08:32 PM
শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বাবা স্বর্ণকুমারা সাঙ্গাকারা মারা গেছেন। মঙ্গলবার বিকালে তার মৃত্যুর খবর জানিয়েছে পরিবার।
স্বর্ণকুমারা পেশায় ছিলেন আইনজীবী। তিনি খুব সম্মানিত ব্যক্তি ছিলেন ক্যান্ডিতে। সাঙ্গাকারার প্রথম কোচ তার বাবা। ক্যারিয়ার জুড়ে সাঙ্গাকারার সবচেয়ে কঠোর সমালোচকও ছিলেন বাবাই। ছেলের টেকনিকে নানা খুঁত ধরতেন প্রায়ই। ডাবল সেঞ্চুরি করার পরও বাবার বকুনি হজম করার কথা অনেকবার বলেছেন সাঙ্গাকারা নিজেই।
নিজে পেশাদার ক্রিকেটার না হয়েও ছেলের ক্রিকেট ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছিলেন স্বর্ণকুমারা। ক্যান্ডিতে তিনি প্রতিদিন কয়েক ঘন্টা সময় ব্যয় করতেন সাঙ্গাকারা ও তার ভাই-বোনদের অনুশীলন করাতে। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মানসিকতা ও টেকনিক্যাল দক্ষতার ওপর জোর দেন তিনি। একপর্যায়ে ছেলেকে টেনিস থেকে সরিয়ে এনে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তিনি নেন।
এমনকি সাঙ্গাকারা বিশ্বমানের ক্রিকেটার হওয়ার পরও স্বর্ণকুমারা প্রকাশ্যে বলেছিলেন, তার ছেলে এখনও নিজের পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারেনি। অবসরের পর সাঙ্গাকারা তার বিদায়ী ভাষণে বাবার অনুপ্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন।
পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য শেষ শ্রদ্ধা জানাতে স্বর্ণকুমারার মরদেহ ক্যান্ডিতে তার বাসভবনে রাখা হবে এবং বুধবার তার শেষকৃত্য হবে।
সাঙ্গাকারা বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক ও প্রধান কোচ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে।