১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৬ ছক্কায় আবার ব্রেভিসের ৭৫, দক্ষিণ আফ্রিকার বড় জয়

ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনে স্বাগতিক নামিবিয়ার কাছে হারের পর, জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা।

৬ ছক্কায় আবার ব্রেভিসের ৭৫, দক্ষিণ আফ্রিকার বড় জয়
পরপর দুটি ফিফটি করলেন ডেওয়াল্ড ব্রেভিস। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 10:44 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

প্রথম ম্যাচ যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন ডেওয়াল্ড ব্রেভিস। আবারও তিনি করলেন একই স্কোর। তবে আগের ম্যাচে কাজ শেষ করে আসতে পারেননি, হেরে যায় দল, এবার দলের জয় সঙ্গী করেই মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই ব্যাটসম্যান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিন স্বাগতিক নামিবিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হারের পর, জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। উইন্ডহুকে শনিবার ৭ উইকেটে জিতল প্রোটিয়ারা।

নামিবিয়ার বিপক্ষে ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা করতে পেরেছিল ১৪৫। জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক ১৪৫ রানের লক্ষ্যই পায় তারা। ব্রেভিসের বিধ্বংসী ইনিংসে ১৩.৪ ওভারেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় দলটি।  

প্রথম ম্যাচে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫০ বলে ৭৫ রান করেন ব্রেভিস। এবার সাতটি চার ও ছয়টি ছক্কায় ৩২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ তিনি।

ভালো ব্যাটিং পিচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৭৬ রানের শক্ত ভিত পেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু পরের ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৬৮ রান।

দলটির হয়ে ৩০ ছুঁতে পারেন কেবল দুজন। ওপেনার ব্রায়ান বেনেট করেন ৩৫ বলে ৩৪ রান। সাত নম্বরে টাডিওয়ানাশে মারুমানির ব্যাট থেকে আসে ১৩ বলে ৩০ রানের ক্যামিও।

দক্ষিণ আফ্রিকার পাঁচ বোলারের মধ্যে একমাত্র ডুয়ান ইয়ানসেন ওভারপ্রতি ৬.৭৫ রানের বেশি দেন। চার ওভারে ৪৫ রান খরচ করলেও তিনিই নেন সর্বোচ্চ তিন উইকেট।

মূল অধিনায়কসহ নিয়মিত ক্রিকেটারদের অনেককে বিশ্রাম দিয়ে এই সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে রান তাড়ায় ভালো সূচনা এনে দেন দুই ওপেনার  লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১৩ বলে ২২) ও জর্ডান হেরমান (১৩ বলে ২০। 

তিনে নেমে প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন ব্রেভিস। এরপর তাকে থামানোর কোনো পথ খুঁজে পায়নি জিম্বাবুয়ের বোলাররা। সপ্তম ওভারে তিনি পরপর দুটি ছক্কা মারেন গ্রায়েম ক্রিমারকে। পরে ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে আরেকটি ছক্কা মেরে ২৪ বলে তৃতীয় টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন তিনি।

টনি ডি জর্জি ১৫ রান করে ফেরার পর রুবিন হেরমানকে নিয়ে বাকিটা সারেন ব্রেভিস।