২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার দায়িত্বে আফগানিস্তানের সাবেক কোচ

মন্টি দেসাইকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কানাডা।

কানাডার দায়িত্বে আফগানিস্তানের সাবেক কোচ
মন্টি দেসাই। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 05:47 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে কানাডা। আফগানিস্তান ও নেপালের সাবেক কোচ মন্টি দেসাইকে দায়িত্ব দিয়েছে তারা।

৫১ বছর বয়সী দেসাইকে নিযুক্ত করার কথা শুক্রবার জানিয়েছে কানাডা। তবে মেয়াদকাল নিয়ে কিছু বলা হয়নি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ একদম ভালো কাটেনি কানাডার। গ্রুপ পর্বে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে টানা চারটি ম্যাচ হেরে বিদায় নেয় তারা।

গত এপ্রিলে কানাডার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ওঠার পর দেশটির ক্রিকেটের অবস্থা আরও বাজে হয়। বিশ্বকাপে তাদের একটি ম্যাচে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট।

কঠিন এই সময়ে কানাডার ক্রিকেটের দায়িত্ব নিলেন ভারতের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করা দেসাই। তবে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।

“এই দায়িত্ব পেয়ে সম্মানিত অনুভব করছি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ। কানাডায় কাজের আগের অভিজ্ঞতা থেকে এখানকার সিস্টেমের সম্ভাবনা এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমার। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের প্রসারে সহযোগী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেপাল ও আফগানিস্তানের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নির্ভীক মানসিকতা কী অর্জন করতে পারে।”

২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোচ দেসাইয়ের ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এসেছে নেপালের দায়িত্বে থাকাকালে। দলটিকে ওয়ানডে মর্যাদা ফিরে পেতে এবং একাধিক আইসিসি বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জনে ভূমিকা রেখেছিলেন।