জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা।
ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে লড়ার মতো সংগ্রহ গড়ল পাকিস্তান। পরে বল হাতে আলো ছড়ালেন আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। দুই স্পিনারের সামনে মুখ থুবড়ে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং। তাতে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না স্বাগতিকরা।
বুলাওয়ায়োতে প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। ১৬৫ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দিয়েছে ১০৮ রানে।
তিন ম্যাচের সিরিজে এগিয়ে ১-০তে এগিয়ে পাকিস্তান। একই মাঠে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার।
কুইন্স স্পোর্টস ক্লাবে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ওমাইর ইউসুফকে হারায় পাকিস্তান। আত্মবিশ্বাসী শুরু করা সাইম আইয়ুবও খেলতে পারেননি বড় ইনিংস, ফেরেন ১৮ বলে ২৪ রান করে।
উসমান খান অনেকটা সময় উইকেটে কাটিয়ে বিদায় নেন দুটি করে ছক্কা-চারে ৩০ বলে ৩৯ রান। এক ওভার পরই ফেরেন এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সালমান আলি আগা।
রায়ান বার্লকে ছক্কায় উড়িয়ে ডানা মেলেন শুরুতে দেখেশুনে খেলা তৈয়ব তাহির। পরের বলেই জিম্বাবুয়ের লেগ স্পিনারকে মারেন চার। শেষ ওভারে রিচার্ড এনগারাভাকে তিনটি চার মারেন তিনি। ১ ছক্কা ও ৪টি চারে ২৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকা ব্যাটসম্যান জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
শেষ দিকে ৩ চারে ১৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ইফরান খান। তাদের দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৪ বলে আসে ৬৫ রান।
রান তাড়ায় নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন আবরার। ব্রায়ান ব্রেনেটের পর ডিওন মায়ার্সের স্টাম্পও ভেঙে দেন এই লেগ স্পিনার। ১৮ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরেন টাডিওয়ানাশে মারুমানি ও সিকান্দার রাজা।
এই দুইজনের ৩৩ বল স্থায়ী ৫৯ রানের জুটি ভাঙেন মারুমানির বিদায়ে। ১ ছক্কা ও ৪টি চারে ৩৩ রান করে রান আউট হন জিম্বাবুয়ে ওপেনার। এরপর মুকিম, রউফের ছোবলে টপাটপ উইকেট হারাতে হাতে স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতার জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ ৩৯ রান করে রাজা। তিনি ও মারুমানি ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি আর কেউ।
তিনটি করে উইকেট নেন আবরার ও মুকিম। দুটি শিকার ধরে একটি রেকর্ড গড়েন রউফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন তার, ১০৯টি। টপকে যান তিনি শাদাব খানের ১০৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৬৫/৪ (ইউসুফ ১৬, সাইম ২৪, উসমান ৩৯, সালমান ১৩, তাহির ৩৯*, ইরফান ২৭*; এনগারাভা ৪-০-৪১-১, মুজারাবানি ৪-০-৪১-০, গুয়ান্ডা ২-০-১৪-০, রাজা ৪-০-১৪-১, মাসাকাদজা ৩-০-২৩-১, বার্ল ৩-০-২৭-১)
জিম্বাবুয়ে: ১৫.৩ ওভারে ১০৮ (বেনেট ৬, মারুমানি ৩৩, মায়ার্স ৬, রাজা ৩৯, বার্ল ৩, মাডান্ডে ৫, মুসেকিওয়া ৯*, মাসাকাদজা ৫, এনগারাভা ০, মুজারাবানি ০, গুয়ান্ডা ০; আবরার ৩.৩-০-২৮-৩, জাহানদাদ ৩-০-৩১-১, রউফ ৩-০-১৭-২, আব্বাস ২-০-১২-০, মুকিম ৪-০-২০-৩)
ফল: পাকিস্তান ৫৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তৈয়ব তাহির
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান
