Published : 20 Mar 2026, 12:57 PM
প্যাট কামিন্সের অনুপস্থিতির খবর জানা গিয়েছিল আগেই। এবার অস্ট্রেলিয়ান অধিনায়কের সঙ্গী হলেন পেস আক্রমণের দুই সঙ্গী মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড। এই পেসত্রয়ীর কেউ খেলতে পারবেন না আইপিএলের শুরুর কিছু ম্যাচে।
কামিন্স এখনও চোট থেকে সেরা ওঠার পথে আছেন। একই পথের পথিক হেইজেলউড। স্টার্কের চোট সমস্যা নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে আইপিএলের শুরুতে খেলতে দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
সানরাইজার্স হায়দরাবাদ আগেই জানিয়েছে, কামিন্সের অনুপস্থিতির সময়টায় দলকে নেতৃত্ব দেবেন ইশান কিষান। স্টার্ক খেলবেন দিল্লি ক্যাপিটালসে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে হেইজেলউড। গত আসরে দিল্লির হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন স্টার্ক। ১২ ম্যাচ ২২ উইকেট নিয়ে বেঙ্গালুরুর শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন হেইজেলউড। তাদের সবার অনুপস্থিতিই ভোগাবে দলগুলিকে।
সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখেই মূলত পেস আক্রমণের তিন সম্পদকে নিয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী অগাস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে পরের ১২ মাসের মধ্যে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি। সেই ঠাসা সূচির জন্য পেসত্রয়ীকে ফিট রাখাই বোর্ডের কাছে অগ্রাধিকার।
এবারের অ্যাশেজে কামিন্স স্রেফ একটি টেস্ট খেলতে পেরেছেন। গত জুলাইয়ের পর থেকে স্বীকৃত ক্রিকেটে ওই একটি ম্যাচই খেলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। পিঠের নিচের অংশের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন তিনি।
হেইজেলউড অ্যাশেজে খেলতে পারেননি একটি ম্যাচও। গত অক্টোবরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর নভেম্বরে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ছিটকে পড়েন মাঠের বাইরে, পরে যোগ হয় একিলিসের চোট। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
কামিন্স-হেইজেলউডের অনুপস্থিতিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বয়ে নেন স্টার্ক। অ্যাশেজের সব টেস্টই খেলেন বাঁহাতি এই পেসার। ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জেতেন ৩৬ বছর বয়সী পেসার। অ্যাশেজের পর বিগ ব্যাশের শেষ ভাগে মাঠে নামেন তিনি।
এই তিনজন কবে আইপিএলে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয় এখনও। আগামী কয়েক সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘রিটার্ন টু প্লে প্রটোকল’ অনুসরণ করে তাদের আইপিএল খেলার দিনক্ষণ চূড়ান্ত হবে।
শুধু এই তিন জনই নয়, আরও দুই অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস ও জ্যাক এডওয়ার্ডসও ছিটকে গেছেন আইপিএল থেকে। এলিসের খেলার কথা ছিল চেন্নাইয়ে, এডওয়ার্ডসেরে সানরাইজার্সে।