১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে ওয়ানডে ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।

ভারতে ওয়ানডে ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা
ভারতের আম্পায়ার নিতিন মেননের সঙ্গে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ (ডানে)। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 05:32 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে চলমান জটিল পরিস্থিতির মাঝে ভারতের সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিভি আম্পায়ার তিনি।

ভাদোদারায় রোববার তিন ম্যাচের সিরিজটির প্রথমটিতে লড়ছে ভারত ও নিউ জিল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে মূল আম্পায়ারের দায়িত্বে আছেন ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা। এখন পর্যন্ত ৩২টি টেস্টে দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজের ব্রিজবেন টেস্টেও মূল আম্পায়ার ছিলেন তিনি।

এছাড়া ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন ৪৯ বছর বয়সী শরফুদ্দৌলা। মেয়েদের ম্যাচেরও পালন করেছেন দায়িত্ব। আম্পায়ার ছিলেন তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

চলমান বিপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি। তিন দিন পর আইসিসির ডাকে সাড়া দিয়ে এখন তিনি ভারতে। নিরাপত্তা শঙ্কায় প্রতিবেশী এই দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার কথা বলেছে বাংলাদেশ। 

নিলাম থেকে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।

এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।

সমাধান খুঁজতে রোববার নাকি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এসব মাঝে ভারতের সিরিজে দেখা গেল বাংলাদেশের আম্পায়ার।