২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

লম্বা লাফে তিনে আর্চার

ওয়ানডে বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গতিময় পেসার।

লম্বা লাফে তিনে আর্চার
জফ্রা আর্চার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 02:55 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জফ্রা আর্চার। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গতিময় পেসার।

যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন আর্চার। দুইয়ে থাকা শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকশানার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। দুইজনের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল ৫; আর্চার ৬৫৪ ও থিকশানা ৬৫৯।

৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।

র‍্যাঙ্কিংয়ে এই প্রথমবার সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিলেন আর্চার। তার আগের সেরা ছিল অষ্টম স্থান, ২০২০ সালের সেপ্টেম্বরে উঠেছিলেন তিনি।

গত বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সফলতম বোলার ছিলেন আর্চার। ১০ ওভারে ৬২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। রোমাঞ্চকর ওই লড়াইয়ে ইংলিশদের ৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

সিরিজে আর্চার নিজের সেরাটা মেলে ধরেন তৃতীয় ও শেষ ওয়ানডেতে। প্রতিপক্ষকে স্রেফ ৭২ রানে গুটিয়ে দেওয়ার পথে অসাধারণ বোলিং করেন তিনি। ৯ ওভারে কেবল ১৮ রান খরচায় ৪ শিকার ধরে হন ম্যাচ সেরা।

ম্যাচটিতে ৪১৪ রান করা ইংলিশরা গড়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড, ৩৪২ রানের। আগেরটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩১৭ রানের জয়।

সবশেষ দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে আর্চারের সতীর্থ আদিল রাশিদের উন্নতি ৭ ধাপ। এই লেগ স্পিনার আছেন এখন আট নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে ইংলিশ পেসার ব্রাইডন কার্স।

ওয়ানডে বোলারদের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি নেই। অন্যান্যদের অবনতিতে দুই ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে তাসকিন আহমেদ। এক ধাপ অগ্রগতি হয়েছে মুস্তাফিজুর রহমানের (৪৬তম) এবং তিন ধাপ নাসুম আহমেদের (যৌথভাবে ৮০তম)।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের শুবমান গিল। তালিকায় প্রথম ১৮টি স্থানে আসেনি কোনো পরিবর্তন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে ইংল্যান্ডের জো রুট।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা জ্যাকব বেথেলের উন্নতি ৫৬ ধাপ, আছেন ৬৫ নম্বরে। ৪৪ ধাপ এগিয়ে তার উপরে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কি।

বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ২ ধাপ এগিয়ে এখন ৩১ নম্বরে। এক ধাপ উন্নতি করে ৫০তম স্থানে তাওহিদ হৃদয়।

ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের। বোলারদের মধ্যে পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৭ ধাপ এগিয়ে এখন ১৫তম স্থানে আছেন। তার সতীর্থ লেগ স্পিনার আবরার আহমেদের অগ্রগতি ৩৯ ধাপ, আছেন ২৭ নম্বরে।

পাকিস্তানের অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়ে আছেন ২২ নম্বরে। ফাইনালে আফগানদের হারানোর পথে হ্যাটট্রিকসহ সিরিজে মোট ১০ উইকেট নিয়ে সেরার পুরস্কার জেতা মোহাম্মদ নাওয়াজ ১৩ ধাপ এগিয়ে আছেন ৩০ নম্বরে।

আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদের উন্নতি ৪০ ধাপ, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়ার সঙ্গে যৌথভাবে আছেন ৩৩তম স্থানে। 

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। 

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের আভিশেক শার্মা।

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে ৩ ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার কুসাল পেরেরা। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটের উন্নতি ৬ ধাপ, আছেন ৫১তম স্থানে। পাকিস্তানের সালমান আলি আগা ২ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে। তার সতীর্থ ফাখার জামান এগিয়েছেন ৯ ধাপ, আছেন ৬৮তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।