১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৮২ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ

পরবর্তী শুনানির আগ পর্যন্ত জেলে থাকতে হবে পাপুয়া নিউ গিনির কিপার-ব্যাটসম্যানকে।

৮২ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ
কিপলিন ডরিগা। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে বড় ধরনের বিপদে পড়েছেন কিপলিন ডরিগা। পাপুয়া নিউ গিনির এই কিপার-ব্যাটসম্যানের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে।

জার্সির রাজধানী সেন্ট হেলিয়ায় গত সোমবার সকালে ঘটে ডাকাতির এক ঘটনা।

দ্বীপ রাষ্ট্রটিতে চলমান ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নেওয়া পাপুয়া নিউ গিনি দলের সদস্য ডরিগা। কুয়েতের বিপক্ষে গত রোববার দলের সবশেষ ম্যাচেও একাদশে ছিলেন তিনি। ২৯ বল খেলে করেছিলেন ১২ রান।

২৯ বছর বয়সী ডরিগাকে বুধবার সকালে ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। গণমাধ্যমের খবর, তিনি ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

তবে অভিযোগটি অত্যন্ত গুরুতর মনে করে রয়্যাল কোর্টে পাঠিয়েছেন ম্যাজিস্টেট। আগামী ২৮ নভেম্বর ডরিগাকে সেখানে উপস্থিত করার কথা রয়েছে। তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে এবং পরবর্তী শুনানির আগ পর্যন্ত জেলে থাকতে হবে তাকে।

পাপুয়া নিউ গিনির হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডরিগা। ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির প্রতিনিধিত্ব করেছেন তিনি।