২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ছক্কায় ৩৬ বলের সেঞ্চুরিতে সুরিয়াভানশির আরেক কীর্তি

১৫ বছর বয়সেই আইপিএলে দুটি ও টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি করে ফেললেন ভারতের বিস্ময়-বালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

পরপর ছক্কা ও চার মেরে ৮৭ থেকে ৯৭ রানে পৌঁছে গেলেন বৈভাব সুরিয়াভানশি। সেঞ্চুরির কাছে গিয়ে কখনও কখনও সতর্ক হয়ে যান ব্যাটসম্যানরা। স্নায়ু চাপ পেয়ে বসাও স্বাভাবিক। তবে এসবের কিছুই স্পর্শ করল না সুরিয়াভানশিকে। পরের বলেই আরেকটি ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখলেন ভারতের বিস্ময়-বালক।

আইপিএলে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের ওপেনার সুরিয়াভানশি। পরের বলেই এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ১২ ছক্কা ও পাঁচ চারে গড়া ১০৩ রানের বিস্ফোরক ইনিংস। 

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। গত আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন এই সুরিয়াভানশিই। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি সেটি।

২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল।

১৫ বছর বয়সেই আইপিএলে দুটি সেঞ্চুরি হয়ে গেল সুরিয়াভানশির। ছোট্ট টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৬ ইনিংসেই তার সেঞ্চুরি হলো চারটি।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম ইনিংসে চারটি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। পাকিস্তানের উসমান খানের লেগেছিল ৩৩ ইনিংস, সাই সুদার্শানের ৭২ ও গেইলের ৭৭ ইনিংস।

প্রথম ওভারে মুখোমুখি প্রথম বলে রান নিতে পারেননি সুরিয়াভানশি। পরের চার বলে প্রাফুল হিঙ্গেকে চারটি ছক্কা মেরে ডানা মেলেন তিনি। 

দ্বিতীয় ওভারে তিনি আরেকটি ছক্কা হাঁকান প্যাট কামিন্সকে। পাওয়ার প্লেতেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ১৫ বলে। এবারের আইপিএলে আগেও দুটি ফিফটি করেন তিনি ১৫ বলে।

ইয়াশাসভি জয়সওয়ালের দ্রুত বিদায়ের পর, দ্বিতীয় উইকেটে ধ্রুব জুরেলের সঙ্গে শতরানের জুটি গড়েন সুরিয়াভানশি। ৩৫ বলে ৫১ রান করে ফেরেন জুরেল। পরের ওভারেই সাকিব হুসাইনের টানা তিন বলে ছক্কা, চার ও ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন সুরিয়াভানশি।

তিন অঙ্ক ছুঁয়ে হেলমেট-গ্লাভস খুলে ফেলেন তিনি। ডাগআউটের দিকে তাকিয়ে হাত দুটো এক করে দেখান ভালোবাসার চিহ্ন, করেন স্যালুট।

পরের বলে রিভার্স-ল্যাপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার টর্নেডো ইনিংস। 

এই ইনিংসের পথে এ দিন টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সুরিয়াভানশি। বলের হিসাবে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তারই (৪৭৩ বল)। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মাইকেল ওয়েনের (৫৩৩ বল)।

বিশ ওভারের ক্রিকেটে সুরিয়াভানশির চেয়ে কম বয়সে এক হাজার রান করতে পারেননি আর কেউ।