মায়ের জন্য সুরিয়াভানশির ওই বিশেষ উদযাপন
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করার পর হাত উঁচিয়ে উদযাপনের পেছনের গল্প শোনালেন ভারতের বিস্ময় বালক।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখানোই শুধু নয়, বৈভাব সুরিয়াভানশি নজর কাড়েন তার উদযাপন দিয়েও। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়ার পর হাত উঁচিয়ে উদযাপনের পেছনের গল্প শোনালেন ভারতের বিস্ময় বালক।
হারারেতে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করেন সুরিয়াভানশি। ১৫ বছর ১১৮ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েন তিনি।
৪৮ থেকে রিচার্ড এনগারাভার বলে দুই রান নিয়ে পঞ্চাশ পূর্ণ করেন সুরিয়াভানশি। এরপর ব্যাট রেখে, দুই হাতের গ্লাভস খুলে ফেলেন বাঁহাতি ওপেনার। দুই হাত মাথার ওপর তুলে, ডান হাতে দুই আঙুলে ‘V’ অক্ষরের মতো চিহ্ন তৈরি করে, তার ওপরে বাঁ হাতের একটি আঙুল রাখেন তিনি। এরপর দুই হাত একসঙ্গে বুকের কাছে রাখা এবং এক হাতে স্যালুট দেওয়ার ভঙ্গিও করেন তিনি।
পরদিন বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে ওই উদযাপনের রহস্য খোলাসা করলেন সুরিয়াভানশি।
“আমি ওই উদযাপনটা করেছিলাম আমার মায়ের জন্য, আর অন্যটা রিঙ্কু (সিং) ভাইয়ের সঙ্গে একটি আলোচনার প্রেক্ষিতে।”
বয়সভিত্তিক ক্রিকেট, আইপিএল, ভারতের ইমার্জিং দল ও ‘এ’ দলের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বজুড়ে তোলপাড় তুলে এই মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সুরিয়াভানশি। তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ খেলে করতে পারেন মোটে ৪২ রান।
এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে এলো এই ফিফটি। ১৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন তিনি। বললেন, আত্মবিশ্বাস এখন আরও বেড়েছে তার।
“যখন ক্যারিয়ারের শুরুতেই এমন ইনিংস খেলা যায় এবং ভালো পারফর্ম করা যায়, তখন সেটা আসন্ন ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়ায়। মনে হচ্ছিল, নিজের ছন্দে আছি এবং স্রেফ নিজের শক্তির ওপর ভরসা রেখেছি। এটুকুই।”
তার এই যাত্রাপথে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান।
“আমি এই (ফিফটি) আমার পরিবার, আমার কোচ এবং আমার যাত্রাপথের প্রতিটি ভালো-মন্দ সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে উৎসর্গ করতে চাই।”
